আন্তঃদেশীয় মহাসড়ক নির্মাণের প্রস্তাব চীনের
বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে নতুন একটি আন্তঃদেশীয় মহাসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন।
চীনের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ফেং ঝেংলিন বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে এ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, মহাসড়ক নির্মাণ প্রস্তাবের পাশাপাশি চীন এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতাও চেয়েছে চীন।
“চীনের এ প্রস্তাবে বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী কলকাতা থেকে ঢাকা, মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত এ মহাসড়ক যাবে।”
এ সড়ক হলে চার দেশের মধ্যে যোগাযোগের উন্নতি হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলেও মন্তব্য করেন কাদের।
চার দেশ এ প্রস্তাবে সম্মত হলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
প্রস্তাবিত এ মহাসড়ক এশিয়ান হাইওয়ের কোনো অংশে সম্পৃক্ত হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটি একটি পৃথক মহাসড়ক।”
কাদের জানান, চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। চলতি সপ্তাহের মধেই এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে।
“প্রতিবেদন হাতে পাওয়ার পর তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে চীনেরও একটি প্রস্তাব রয়েছে।”
মন্ত্রী জানান, চীনা নির্মাতা প্রতিষ্ঠান সিনো হাইড্রোর নির্মাণ সামগ্রী কেনা নিয়ে জটিলতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের গতি মন্থর হয়ে গেছে। বৈঠকে এ ব্যাপারে চীন সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
