২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিয়েই চাকরি, নৈতিকতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আতাউল হক ১৯৯৮ সালে অবসরে যান, এরপর এক বছর কেন্দ্রীয় ব্যাংকের গৃহায়ন প্রকল্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেই তিনি যোগ দেন বেসরকারি আইএফআইসি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক পদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ, প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 03:54 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বাংলাদেশ ব্যাংকে থাকার সময় ওই ডেপুটি গভর্নরের দায়িত্ব ছিলো ব্যাংক তদারকি।

অনুসন্ধানে দেখা যায়, এই ডেপুটি গভর্নরের মতোই আরো কয়েকজন ব্যাংক কর্মকর্তা, যারা কেন্দ্রীয় ব্যাংকে নির্দিষ্ট একটি বেসরকারি ব্যাংকের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন, অবসর নিয়ে যোগ দিয়েছেন ওই ব্যাংকটিতেই।

উত্তরা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালক, যারা কেন্দ্রীয় ব্যাংকে ওই ব্যাংকগুলোর পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।

তারা হলেন- সৈয়দ সায়খুল ইমাম, ইউসুফ আবেদী হারুণ ও আব্দুর রহিম।

সদ্য অবসর নেয়া তিনজন ডেপুটি গভর্নর যোগ দিয়েছেন ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকে উপদেষ্টা পদে।

তারা হলেন- নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান।

কেন্দ্রীয় ব্যাংকের আরেক সাবেক ডেপুটি গভর্নর মো. এ রুমী আলী এখন ব্র্যাক ব্যাংকের পরিচালক। তিনি কিছুদিন ব্যাংকটির চেয়ারম্যানের পদেও ছিলেন।

অবসর নিয়ে বেসরকারি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেয়ায় আইনগত কোনো সমস্যা না হলেও কাজে জটিলতা সৃষ্টি হওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যে সব কর্মকর্তা বেসরকারি ব্যাংকে যোগ দিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকে থাকা অবস্থায় ওই ব্যাংকের পক্ষে তাদের সিদ্ধান্ত নিতে তদবিরের নজিরও রয়েছে।

এক্ষেত্রে খেলাপি ঋণের কাঠামোতে পরিবর্তন আনার কথা বলেছেন ওই কর্মকর্তা, যাতে এসএমই ঋণের ক্ষেত্রে লাভবান হয়েছে ব্র্যাক ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আবার অবসরে যাওয়া ঊর্ধ্বতন এই সব কর্মকর্তা বেসরকারি ব্যাংকে থাকলে তাদের অধীনে একসময়ে থাকা কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার পক্ষে ওই ব্যাংকের বিষয়ে কড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ে।

এক্ষেত্রে নজির হিসেবে প্রাইম ও সাউথ ইস্ট ব্যাংকের কথা তুলে আনেন কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা।

সম্প্রতি প্রাইম ব্যাংক বিধিবহির্ভূতভাবে গ্রাহকদের হিসাব থেকে স্টেটমেন্ট জেনারেশন ফি নামে ২০০ টাকা করে কেটে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের এসব অর্থ ফেরত দেয়ার নির্দেশনা দিলেও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

সাউথ ইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি শাখায় তদন্তের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংক সেখানে পরিদর্শক পাঠালেও তদন্ত না করেই তাদের ফেরত আনা হয়েছে।

অবসর নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বাণিজ্যিক ব্যাংকে যুক্ত হওয়ার ক্ষেত্রে সমস্যার হওয়ার বিষয়টি চিহ্নিত করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আর কে রেড্ডি।

সম্প্রতি বিআইবিএম আয়োজিত নূরুল মতিন স্মারক বক্তৃতা-২০১২ এ তিনি বলেন, “এতে কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন নিশ্চিত করা যেমন চ্যালেঞ্জের মধ্যে পড়ে, তেমনি আইনেরও অপব্যবহার হতে পারে।”

অবসর পরবর্তী সময় হস্তক্ষেপের সুযোগ থাকে বলে জনপ্রশাসনের কর্মকর্তাদের অবসর পরবর্তী তিন বছরের মধ্যে নির্বাচনে অংশ না নেয়ার আইন রয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি বিধিতে এই ধরনের কোনো নীতিমালা নেই, যা থাকা প্রয়োজন বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে, বাংলাদেশ ব্যাংকের সাবেক নয়জন গভর্নরের মধ্যে সাতজনই অবসরের পরে কোনো না কোনোভাবে আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত ছিলন। এছাড়া ডেপুটি গভর্নর বা নিরবাহী পরিচালকদেরও অনেকে ব্যাংকে সম্পৃক্ত হয়েছেন।

“এতে আইনগত কোনো সমস্যা নেই। তবে নৈতিক প্রশ্নের উদ্রেক হতে পারে।”

তিনি বলেন, “অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যে যেখানে যোগদান করেন, ন্যায়সঙ্গত কাজ করলে অসুবিধা নেই। কিন্তু আইন বহির্ভূত সুবিধা আদায় করা সমীচীন হবে না।”

এক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়ে সাবেক এই গভর্নর বলেন, “১৯৯৮ সালে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে উপদেষ্টা নিয়োগে একটি নীতিমালা করেছিলো। বিষয়টি এমন ছিলো যে, কোনো রাজনৈতিক দলের অফিস বেয়ারার কোনো ব্যাংকের বেতনভুক্ত উপদেষ্টা হতে পারবেন না।

“বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এমন বলা যেতে পারে যে অবসর নেয়ার তিন বছরের মধ্যে কোনো কর্মকর্তা কোনো ব্যাংকের বেতনভুক্ত উপদেষ্টা অথবা অন্য কোনো পদে যোগদান করতে পারবেন না।”

সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ অবসরের পর বাণিজ্যিক কোনো ব্যাংকে কারো যোগদানে সমস্যা না দেখলেও এই বিষয়টি ব্যক্তির ‘নৈতিকতার’ ওপরই ছেড়ে দিতে চান।

“একজন ডেপুটি গভর্নর বা নির্বাহী পরিচালক অবসর নেওয়ার পর কী করবেন, সেটা তার ওপরই নির্ভর করে। কিন্তু কেউ লবিং করবে বা অন্য কিছু করবে; সেগুলো উচিত নয়, বরং অন্যায়।”

কর্মকর্তাদের নৈতিকতার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ প্রত্যাশা করেছেন তিনি।

আরো যেসব কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংক থেকে অবসর নিয়ে বিভিন্ন ব্যাংকে যোগ দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী (প্রাইম ব্যাংক), সাবেক মহাব্যবস্থাপক অশোক বন্ধু দাস (বেসিক ব্যাংক), সাবেক মহাব্যবস্থাপক নিতাই দাস সাহা (ন্যাশনাল ব্যাংক), সাবেক নির্বাহী পরিচালক বি বি দেবনাথ (এবি ব্যাংক), সাবেক নির্বাহী পরিচালক আব্দুর রকিব (ইসলামী ব্যাংক), সাবেক নির্বাহী পরিচালক কাজী আনোয়ারুল মাহবুব (এসআইবিএল), সাবেক মহাব্যবস্থাপক রফিউল আলম (আল আরাফাহ ব্যাংক)।