২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ

অবকাঠামো ও জনশক্তি খাতে কোরিয়ার কাছ থেকে বিনিয়োগ চায় বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার রাজধানীতে দিনব্যাপী এক সেমিনারে কোরিয়ার ব্যবসায়ীদের কাছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

‘বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা’ বিষয়ে ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে কোরিয়াকে ‘কৌশলগত অংশীদার হিসেবে চান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোরিয়ার ভূমিকা তুলে ধরে গওহর রিজভী বলেন, “আগে তৈরি পোশাক খাতে অনেক বিনিয়োগকারী আসতো। এখন আমরা অবকাঠামো উন্নয়ন, সড়ক ও মানব সম্পদ উন্নয়নে অংশীদার চাই।”

পিপিপির অধীনে কোরিয়াকে দেশে বিনিয়োগ করার আহ্বান উপদেষ্টা।

কোরীয় দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে কূটনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

তাদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, “ভবিষ্যত অংশীদারিত্বের পথ বের করতে চিন্তা করুন ও ধারণা বের করুন।”

কোরিয়ার সহযোগিতায় ‘উন্নতর ভবিষ্যত’ নির্মাণের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

সেমিনারে কোরিয়ার পররাষ্ট্র নীতি, উন্নয়ন সহযোগিতা ও বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই সেমিনার করা হয়।

বাংলাদেশের অন্যতম ঘনিষ্ট উন্নয়ন অংশীদার কোরিয়া ১৯৭৫ সালে ঢাকায় দূতাবাস খুলেছে। দেশটি ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলো।

বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের ব্যাপক চাহিদা থাকায় ১৯৭৮ সালে ঢাকায় কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সির কার‌্যালয় খোলা হয়।

৭০ এর দশকে কোরীয় উদ্যোক্তারা বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ নিয়ে আসে, যাদের অনেকেই এখনো সক্রিয় আছে।

এছাড়া দেশের টেক্সটাইল, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি ও খনিজ সম্পদের উন্নয়ন, জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতেও তাদের বিনিয়োগ আছে।

কোরিয় রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়াং বলেন, উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ কোরিয়ার অংশীদার দেশ।

কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল থেকে সরোচ্চ ঋণগ্রহিতা চতুর্থ দেশ।

তবে বাংলাদেশের দিক থেকে বৈচিত্র্য ঘাটতির কারণে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ কোরিয়া থেকে আমদানি করেছে ১৫০ কোটি ডলারের পণ্য আর আমদানি করেছে মাত্র ২০ কোটি ৯০ লাখ ডলারের পণ্য।

অন্যাণ্যের মধ্যে সেমিনারে আরো বক্তব্য রাখেন কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমির মহাপরিচালক হিউন-উক কিম।