প্রবৃদ্ধি ৫.৮ শতাংশই হবে: বিশ্বব্যাংক
সরকার বিদায়ী অর্থবছরে অন্তত ৬ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করলেও বিশ্ব ব্যাংক আবারো বলেছে, এই হার ৫ দশমিক ৮ শতাংশের বেশি হবে না।
বৃহস্পতিবার প্রকাশিত ‘বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে আগের এই পূর্বাভাসই বহাল রেখেছে ঋণদাতা সংস্থাটি।
এবারের প্রতিবেদনে বলা হয়, ‘দুর্বল’ চাহিদা, ‘অনির্ভরযোগ্য’ বিদ্যুৎ নীতিমালাসহ অভ্যন্তরীণ সরবরাহে প্রতিবন্ধকতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১১-১২ অর্থবছরের প্রবৃদ্ধি আগের অর্থবছরের ৬ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৬ দশমিক ২ শতাংশ হয় এবং বিদায়ী অর্থবছরের প্রবৃদ্ধিও কমছে।
“২০১০-১২ সময়ে বাংলাদেশ তুলনামূলকভাবে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করে। এরসঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি ও সম্প্রসারণমূলক ব্যষ্টিক অর্থনৈতিক নীতিগুলো মিলেমিশে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়। পরে অর্থনৈতিক সংকোচন এবং অভ্যন্তরীণ বাধাগুলোর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা থেকে সৃষ্ট বিপর্যয়ের কারণে ২০১২-১৩ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেয়া হয়।”
এই যুক্তিতে বিশ্ব ব্যাংক বলছে, চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ শতাংশেই থাকবে। এবারের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।
এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাসে বলা হয়, বিদায়ী অর্থবছরের প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশের বেশি হবে না।
অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দাতা সংস্থাগুলোর কমিয়ে ধরা এসব পূর্বাভাস প্রত্যাখ্যান করে বরাবরের মতোই সংসদে বলেছেন, প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৬ দশমিক আট শতাংশের মধ্যে থাকবে।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ২ শতাংশ ও ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমালেও চলতি অর্থবছরের প্রবৃদ্ধির চেয়ে তা ক্রমশ বাড়তে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এই দুই অর্থবছরে প্রবৃদ্ধির আভাস দেয়া হয়েছে যথাক্রমে ৬ দশমিক ১ এবং ৬ দশমিক ৩ শতাংশ।
বাহ্যিক চাহিদা ক্রমশ শক্তিশালী হওয়ার এবং কৃষি উৎপাদন আরো ‘স্বাভাবিক পর্যায়ে’ ফেরার সম্ভাবনায় পরবর্তী দু্ই অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বাড়ার আভাস দেয়া হয়েছে প্রতিবেদনে।
“তবে অবকাঠামো ঘাটতিসহ (বিদ্যুৎ, সড়ক) কিছু অভ্যন্তরীণ দুর্বলতা এবং সামাজিক অস্থিরতার কারণে অর্থনীতির তেজিভাব দেখা যাবে না।”
এছাড়া ভোটের বছরে নির্বাচনসংশ্লিষ্ট খরচের কারণে সরকারের খরচ বেড়ে মূল্যস্ফীতির চাপের সঙ্গে যুক্ত হয়ে ‘অভ্যন্তরীণ ও বাহ্যিক ভারসাম্যহীনতা’ বাড়াতে পারে বলে বিশ্ব ব্যাংক মনে করছে।
শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে ভিন্ন সরকার এলে আগের সংস্কার কর্মসূচিগুলো পাল্টে ফেলার বা বাস্তবায়ন বিলম্বিত হওয়ার আশঙ্কাও করা হয়েছে প্রতিবেদনে।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে দেখানো হয়েছে, জানুয়ারির পর শতকরা ২১.৩ শতাংশ হারে বাংলাদেশের শিল্প উৎপাদন বেড়েছে। অংশত ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধার আওতায় দেশের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে রেমিটেন্সের ভাল প্রবাহের কারণে অভ্যন্তরীণ চাহিদা ও এর চলতি হিসাবের ভারসাম্য সুবিধাজনক অবস্থায় রয়েছে।
বিশ্ব ব্যাংক বলছে, বাংলাদেশের পোশাকের চাহিদা থাকায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। তবে পোশাক কারখানায় সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর কারণে এই গতি কিছুটা কমতে পারে।
অর্থবছরের প্রথমার্ধে মূল্যস্ফীতি কিছুটা কমায় মুদ্রানীতি একটু শিথিল করা হয়, যা প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। তবে ভোক্তা মূল্য সুচকে তেজিভাব বজায় থাকায় আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরো অঞ্চলের অর্থনীতিতে অস্থিরতা চললেও উন্নত দেশগুলোর ঝুঁকি কিছুটা কমেছে এবং প্রবৃদ্ধি জোরদার হচ্ছে।
তবে মধ্যম আয়ের কিছু দেশের সক্ষমতা কমে আসায় উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধিতে এর প্রভাব পড়বে।
বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে প্রায় ২ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে হবে ৩ শতাংশ এবং তার পরের বছর ৩ দশমিক ৩ শতাংশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ বছর প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ শতাংশ, যা ২০১৩ সালে হবে ৬ শতাংশ এবং ২০১৫ সালে ৬ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ভারতে ক্রমাগত প্রবৃদ্ধি হ্রাস, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় মন্থর প্রবৃদ্ধি এবং পাকিস্তান ও নেপালের প্রবৃদ্ধিতে স্থবিরতার কারণে ২০১২ সালে প্রবৃদ্ধি গড়ে ৪ দশমিক ৮ শতাংশে নেমেছিল। তবে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় এবং বিনিয়োগে গতি আসায় সামনের দিনগুলোতে প্রবৃদ্ধিও বাড়বে।
