২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে অর্থসংস্থানের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়: ডিসিসিআই

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ সংস্থানের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

কারণ, চলতি অর্থবছরের ১১ মাসে রাজস্ব ও বৈদেশিক- দুটো খাত থেকেই অর্থ সংস্থান নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে।

এজন্য অর্থ সংস্থানকে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে ডিসিসিআই।

সোমবার ডিসিসিআই অডিটরিয়ামে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন তুলে ধরেছে সংগঠনটি।

বাজেট প্রতিক্রিয়া নিয়ে সংগঠনের লিখিত পর্যালোচনা তুলে ধরেন সভাপতি মো. সবুর খান।

চলতি অর্থবছরের এ পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র ৬৫ শতাংশ রাজস্ব আদায় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বছর শেষে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার ৮০-৮৫ শতাংশের বেশি হবে বলে মনে হয় না।”

এছাড়া বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব ও বেসরকারি বিনিয়োগে চলমান শ্লথ গতির কারণে অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন ‘বাস্তবসম্মত’ নয় বলে উল্লেখ করে সবুর বলেন, “কাজেই বাজেটের অন্যতম ঝূঁকি হলো অর্থ সংস্থান।”

আর চলতি অর্থবছরে বৈদেশিক উৎস থেকে অর্থ সংস্থানের নির্ধারিত ১৮ হাজার ৫৮৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা বিপরীতে সংস্থান হয়েছে মাত্র এক হাজার ৬৪৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ৮ দশমিক ৮৬ শতাংশ।

বাকি তিন মাসের মধ্যে ১৭ হাজার ১৮৩ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করে সংস্থাটি।

ডিসিসিআই সভাপতি বলেন, “কাজেই বৈদেশিক উৎস থেকে বাজেট ঘাটতি অর্থায়নে (আগামী অর্থবছরে) ২১ হাজার ৬৮ কোটি টাকার সংস্থান বাস্তবতার আলোকে খুবই ঝূঁকিপূর্ণ।”

সংবাদ সম্মেলনে ইতিবাচক-নেতিবাচক দিক তুলে ধরে বাজেটের চ্যালেঞ্জ ও ঝুঁকি পর্যালোচনা করে বেশকিছু সুপারিশ তুলে ধরেন তিনি।

ভৌত অবকাঠামো খাতে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব, কর অবকাশ সুবিধার মেয়াদ দুবছর এবং ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোকে প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “শেয়ার বাজারের জন্য যেসব সুবিধা প্রস্তাব করা তাও বাজারে ইতিবাচক ধারা সৃষ্টিতে উৎসাহ যোগাবে।”

পিপিপি বিষয়ে কোনো বাস্তবসম্মত পদক্ষেপ না থাকা, কয়লানীতির বিষয়ে সিদ্ধান্ত না নেয়া এবং অপ্রর্দশিত আয় বৈধ করার সুযোগ অব্যাহত রাখাকে বাজেটের প্রধান নেতিবাচক দিক হিসেবে দেখছে ডিসিসিআই।

সবুর খান বলেন, “যেভাবে অপ্রিদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে তাতে জমির দাম বাড়বে। এতে নতুন উদ্যোক্তারা জমি কিনতে গিয়ে পুঁজি হারিয়ে ফেলেবেন।

“কালোটাকা জমিতে বিনিয়োগের জন্য দেওয়া যেতে পারে, তবে তা হতে হবে শিল্পের জমি।”