শিক্ষকদের এমপিওভুক্তি বিবেচনায় আছে: শিক্ষামন্ত্রী
যেসব শিক্ষক এখনো এমপিওভুক্তির আওতায় আসেননি তাদের এমপিওভুক্ত করার বিষয়টি সরকারের আন্তরিক বিবেচনায় রয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।
আগের দিন জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে কিছু বলা হয়নি, যদিও এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এ দাবি জানিয়ে আসছিলেন।
বাজেটে তাদের এমপিওভুক্তির জন্য বরাদ্দ না থাকলে ফের বিক্ষোভ-কর্মসূচি পালনের হুমকিও দিয়েছেন তারা।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে এমপিওভুক্তি বন্ধ ছিলো। আমরা দায়িত্ব গ্রহণের পর তা চালু করেছি। গত সাড়ে চার বছরে আমরা ৪৯ হাজার শিক্ষক-শিক্ষিকাকে এমপিওভুক্ত করেছি।”
“সরকার বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ দেয় তার ৬৪ শতাংশই চলে যায় এমপিওতে। সরকারেরও অর্থের সীমাবদ্ধতা আছে। তারপরেও এখনো যারা এমপিওভুক্ত হননি তাদের প্রতি সরকার সহানুভূতিশীল। কারণ তারা আমাদেরই সন্তান। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, যেসব শিক্ষক এখনো এমপিওভুক্ত হননি তাদের বিষয়টি সরকারের আন্তরিক বিবেচনায় আছে।”
তার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপিওভুক্তি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, “বাজেট বক্তৃতায় এমপিও বিষয়ে আমি কিছু বলিনি। বর্তমানে ২৬ হাজার ১৯৩টি এমপিওভুক্ত স্কুল-কলেজ রয়েছে, যেগুলোর সব বেতনই সরকারকে দিতে হয়। আমরা আসার আগে এমপিও বন্ধ ছিলো। আমরা আসার পর ১৬২০টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। জুলাই মাসে বাজেট বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তখন বোঝা যাবে নতুন এমপিওভুক্তি হবে কি হবে না।”
