২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক ব্যবস্থায় সমঝোতা করতেই হয়: মুহিত

কালো টাকা সাদা করার মতো বিষয় ছাড়াও অনেক ক্ষেত্রেই সরকারকে ‘সমঝোতা’ করতে হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কালো টাকা সাদা করার মতো আরো অনেক ক্ষেত্রেই গণতান্ত্রিক সরকারকে সমঝোতা করতে হয়। কিন্তু আপনারা (সাংবাদিকরা) একটি বিষয়কে নির্দিষ্ট করে ফেলেছেন। স্থানীয় সরকার, জনপ্রশাসন, রাষ্ট্রায়ত্ত খাতের প্রতিষ্ঠানের লোকসান- এ রকম আরো অনেক খাত রয়েছে যেখানে আমি যা বিশ্বাস করি, তা করতে পারিনি। সমঝোতা করতে হয়েছে।”

যানজট দূর করতে না পারাকেও রাজনৈতিক সমঝোতা বলে মনে করেন মন্ত্রী।

২০০৯ সালের জুনে বর্তমান সরকারের প্রথম বাজেট পেশকালে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে জরিমানার মাধ্যমে কালো টাকা সাদা করার পক্ষে নন।

এরপর থেকে প্রতি বাজেটেই সরকার কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে।

অর্থ মন্ত্রণালয়ের এক হিসাব অনুযায়ী, দেশের জিডিপির ৪০ থেকে ৬০ শতাংশই কালো টাকা। আর চলতি ২০১২-১৩ অর্থবছরে জিডিপির আকার ধরা হয়েছে ১০ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এ হিসাবে দেশে মোট অপ্রদর্শিত সম্পদের পরিমাণ ৪ লাখ ১৫ হাজার ২০০ কোটি টাকা থেকে ৬ লাখ ২২ হাজার ৮০০ কোটি টাকা বা সমমূল্যের সম্পদ।

এই বিশাল সম্পদ অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনার নামে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও বছর শেষে অল্প পরিমাণ অর্থই সাদা হতে দেখা যায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৭ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও গত অর্থবছর পর্যন্ত সাদা হয়েছে মাত্র ১২ হাজার ৯৯৬ কোটি টাকা। ফলে এখান থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ১ হাজার ৩৬৮ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ডিজেলের দামের সমান হওয়া উচিত। কিন্তু আমি সেটা করতে পারিনি। এটাও একটি কম্প্রোমাইজ।”