রাজনৈতিক অস্থিতিশীলতা একমাত্র ঝুঁকি: মুহিত
সংলাপের বিষয়ে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতাকে ‘একমাত্র ঝুঁকি’ হিসাবে দেখছেন।
শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঝুঁকি একটাই, রাজনৈতিক অস্থিতিশীলতা। যুদ্ধপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই দুটি একটি আরেকটির সঙ্গে সম্পৃক্ত। যারা সমর্থন দিচ্ছে তাদেরকেও স্থিতিশীলতার দিকে নিয়ে আসতে হবে।”
“তাদের উদ্দেশ্যে আমরা বলছি, সংলাপ হবেই। হতেই হবে। যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের উৎখাত করতে হবে। তারা উৎখাত হবে, হতেই হবে।”
একই বিষয়ে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
ইনু বলেন, “বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। সিডর, আইলার মত বিপর্যয় সরকার মোকাবেলা করেছে। বর্তমানে রাজনীতিতেও সিডর, আইলার মতো দুর্যোগ দেখা দিয়েছে। বিশেষকরে জঙ্গিবাদ।”
“মহাজোট সরকারের রাজনীতির এই দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আছে। এজন্য বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করবো ষড়যন্ত্রের পথ থেকে নির্বাচনের পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন।”
বিরোধীদল নির্বাচনের পথে এলে জামায়াত-শিবিরের মাধ্যমে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে তা সহজেই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তথ্যমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারের শেষ বছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যাতে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
২০১৩-১৪ অর্থবছরের এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা আসবে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।
বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।
প্রথা অনুযায়ী বাজেটের পরদিন মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের জ্যেষ্ঠ কর্মকতাদের নিয়ে সাংবাদিকদের সামনে আসেন অর্থমন্ত্রী।
