রিজার্ভ ফের ১৫ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ফের এক হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) ১৩ কোটি ৭০ লাখ ডলার যোগ হওয়ায় রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার।
গত মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে প্রথম রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর আকুর (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) আমদানি বিল পরিশোধের পর তা ১৫ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল।
“আইএমএফের ইসিএফের তৃতীয় কিস্তির অর্থ জমা হলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আরো বাড়বে। আমরা আশা করছি, জুন মাসের শেষ দিকে রিজার্ভ আবারো ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।”
২০১২ সালের ১১ এপ্রিল ইসিএফ অনুমোদন করে আইএমএফ। ওই মাসেই প্রথম কিস্তির অর্থ পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হয় গত মার্চে।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় বৃদ্ধি রেমিটেন্স বাড়াতে অবদান রেখেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।
চলতি অর্থবছরে মে মাসে রেমিটেন্স কিছুটা কমলেও ১১ মাসে (জুলাই-মে) এক হাজার ৩৩৯ কোটি ৫১ লাখ রেমিটেন্স দেশে এসেছে। ২০১১-১২ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৭৭ কোটি ডলার। এই ১১ মাসে গত অর্থবছরের ১১ মাসের চেয়ে ১৩ দশমিক ৭৬ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে।
