২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী বেতন কমিশন হচ্ছে

নির্বাচনের বছরের বাজেটে দেশের ১৩ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য স্থায়ী পে-কমিশন গঠনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুবল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 01:40 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতায় তিনি বলেন, “আগামী অর্থবছরই আরেকটি বেতন কমিশন গঠনের সময় হয়ে যাবে। আমরা এই সুযোগে স্থায়ী বেতন কমিশন গঠন করব এবং তারাই ভবিষ্যতে বেতন ভাতা নিয়ে সময়ে সময়ে সরকারকে নিয়মিতভাবে সুপারিশ দেবে।”

মুহিত বলেন, সরকার আগামী অর্থবছর বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্যও স্বতন্ত্র বেতন কাঠামো চালু করবে। এ রকম আরো কিছু ক্ষেত্রে স্বতন্ত্র বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। এসব বিষয়েও এই বেতন কমিশন সুপারিশ রাখবে।

“২০১০ সালে আমরা একটি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা ব্যপকভাবে বৃদ্ধি করি। তখন আমরা বলেছিলাম, কয়েক বছর পর পর এই রকম বেতন কমিশন গঠন করার পরিবর্তে আমরা একটা স্থায়ী বেতন কমিশন গঠন করতে পারি।”

কাগজে-কলমে সরকারি বেতনভোগী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ হলেও এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।

সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়। এরপর গত ৩ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে আট শতাংশের বেশি।

এরইমধ্যে গত রোববার বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

অর্থমন্ত্রী এবার যে বাজেট প্রস্তাব করেছেন, তার আকার দাঁড়িয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আর সরকারের আয় ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা।