গ্যাসভিত্তিক বড় বিদ্যুৎ প্রকল্প অনুমোদন
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ‘হবিগঞ্জ জেলার বিবিয়ানায় ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ’ নামের এই প্রকল্পের কাজ আগামী জুলাই মাস থেকে শুরু করে ২০১৬ সালের জুন মাসের মধ্যে শেষ হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পসহ মোট সাত হাজার ৩৩১ কোটি টাকার মোট নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম।
হবিগঞ্জের বিবিয়ানায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কার্যপত্রে বলা হয়েছে, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) প্রকল্প বাস্তবায়নে দুই হাজার ৩৬১ কোটি টাকা ঋণ দেবে। বাকি অর্থ সরকার এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যোগান দেবে।
বিবিয়ানায় আবিস্কৃত গ্যাসের কার্যকরী ব্যবহার, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং বিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও নির্ভরতা বৃদ্ধির জন্য প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সভায় ‘বরিশাল বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন’ নামে আরো একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বরিশাল বিভাগের ৪০টি উপজেলায় ৫৪৪ কিমি সড়ক নির্মাণ, ৪৭৬৭ মিটার ব্রীজ/কালভার্ট নির্মাণ ও ১৯ লাখ ঘনমিটার মাটির কাজ করা হবে। এছাড়া ২০টি হাটবাজার/গ্রোথ সেন্টার ও ২৬টি ঘাট উন্নয়ন করা হবে।
৬৩৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটিরও কাজ শুরু হবে আগামী জুলাই মাসে। শেষ হবে ২০১৮ সালের জুন মাসে।
এছাড়া সভায় বৃহত্তর ফরিদপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ) উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়ক উন্নয়ন’ এবং এসব সড়কে ব্রীজ-কালভার্ট নির্মাণ এবং গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন ও বোট ল্যান্ডিং স্টেশন নির্মাণ’ নামের দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
এদুটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
সভাশেষে পরিকল্পনা সচিব সাংবাদিকদের বলেন, সভায় অনুমোদিত নয়টি প্রকল্পে মোট সাত হাজার ৩৩১ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে চার হাজার ৯৭০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ২ হাজার ৩৬১ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (৫০ কোটি টাকা), পাট বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প (১১৮ কোটি টাকা), ঈশ্বরদী হতে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ (১৪৩৬ কোটি টাকা), নাটোর সড়ক হতে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত রাস্তা নির্মাণ (৮৭ কোটি টাকা), এবং নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা সড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্প (১৩১ কোটি টাকা)।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
