২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ৪ মহানগরের সব ব্যাংক খোলা

দেশের চার সিটি কর্পোরেশন নির্বাচনী প্রক্রিয়ার সুবিধার্থে শনিবার সংশ্লিষ্ট মহনগরীর সব তফসিলী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কপোরেশনের নির্বাচনের প্রার্থীদের জামানতের অর্থের ট্রেজারি চালান বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা পোস্টাল অর্ডার গ্রহণের সুবিধার্থে চার মেট্রোপলিটন এলাকার সকল তফসিলী ব্যাংক ১১ মে শনিবার খোলা থাকবে।

আগামী ১৫ জুন এই চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আগামী ১২ মে পর‌্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সুযোগ রয়েছে। 

নির্বাচনে মেয়র পদে ভোটার অনুপাতে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর‌্যন্ত এবং কাউন্সিলর পদে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা মনোনয়ন পত্রের সঙ্গে ট্রেজারি চালান বা পে-অর্ডার বা কোনো তফসিলী ব্যাংকের রসিদ জমা দিতে হবে।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে জামানত হিসাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।