স্প্রেড ৫ শতাংশে কমিয়ে আনছে না ব্যাংকগুলো
কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও আমানতের সুদহারের পার্থক্য (স্প্রেড) কমিয়ে পাঁচ শতাংশের মধ্যে নামিয়ে আনতে নির্দেশ দিলেও বাণিজ্যিক ব্যাংকগুলো তা মানছে না।
নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চার মাস আগে সতর্ক করে দেওয়া হলেও কার্যত অনেকগুলো ব্যাংকগুলো তা উপেক্ষা করছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, মার্চ মাসে ৪৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ২৬টি ব্যাংকের স্প্রেড ছিল পাঁচ শতাংশের বেশি, যার মধ্যে সবেচেয়ে বেশি দুটি বিদেশি ব্যাংকের।
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যাংকারদের সভায় স্প্রেড কমিয়ে পাঁচ শতাংশের মধ্যে নামিয়ে আনতে এবছরের মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ।
একইসঙ্গে কোনো ব্যাংক ওই সময়ের মধ্যে স্প্রেড কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বৈঠকে সতর্ক করে দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্প্রেড আছে বিদেশি ওরি ব্যাংকের। মার্চভিত্তিক হিসেবে ব্যাংকটির স্প্রেড দাঁড়িয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। এরপরেই রয়েছে আরেক বিদেশি সান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যার স্প্রেড নয় দশমিক ৮৬ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক, যার স্প্রেড ৯ দশমিক ১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ শেষে ব্যাংকিং খাতে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এসময়ে আমানতের গড় সুদহার দাড়িয়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ এবং ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৩ শতাংশ।
গত ডিসেম্বরে স্প্রেড ছিলো ৫ দশমিক ৩৩ শতাংশ।
এবিষয়ে জানতে চাইলে এসকে সুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্প্রেড একবারেই কমবে না। ধীরে ধীরে কমে আসছে। যেসব ব্যাংকের স্প্রেড এখনো ৫ শতাংশের বেশি তাদেরকে প্রতিটি মিটিংয়ে বলা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে।”
স্প্রেড কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অটল রয়েছে উল্লেখ করে সুর আরো বলেন,“ব্যাংকগুলোকে আমরা ‘ক্লোজলি মনিটরিং’ করছি।”
এ বিষয়ে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংক যেভাবে হিসাব করছে তাতে স্প্রেড যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এজন্য কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে যথাযথ হিসাব পদ্ধতি অনুসরণ করার দাবি করা হয়েছে।”
হিসাব পদ্ধতিতে পরিবর্তন আনা হলে স্প্রেড অনেক কমে যাবে বলে তিনি মনে করেন।
বাকি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্প্রেড আছে ডাচ্-বাংলা ব্যাংকে। ব্যাংটির স্প্রেড ৮ দশমিক ৫৫ শতাংশ। এরপর রয়েছে সিটি ব্যাংক এনএর ৮ দশমিক ৩২ শতাংশ।
দ্যা সিটি ব্যাংকের স্প্রেড ৬ দশমিক ৯৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ৬ দশমিক ৩৯ শতাংশ, উত্তরা ব্যাংকের ৬ দশমিক ১৫ শতাংশ, যমুনা ব্যাংকের ৬ দশমিক ১৫ শতাংশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলোনের ৬ দশমিক ১০ শতাংশ।
প্রিমিয়ার ব্যাংকের স্প্রেড ৫ দশমিক ৮৭ শতাংশ, ঢাকা ব্যাংকের ৫ দশমিক ৮৩ শতাংশ ওয়ান ব্যাংকের ৫ দশমিক ৬৭ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৫৯ শতাংশ ইস্টার্ন ব্যাংকের ৫ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৫ দশমিক ৪৫ শতাংশ, হাবিব ব্যাংকের ৫ দশমিক ৪০ শতাংশ, পূবালী ব্যাংকের ৫ দশমিক ৩৪ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫ দশমিক ৩৩ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৫ দশমিক ২৩ শতাংশ, এবি ব্যাংকের ৫ দশমিক ১৮ শতাংশ, বেসিক ব্যাংকের ৫ দশমিক ১৪ শতাংশ, ইউসিবিএলের ৫ দশমিক ১৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫ দশমিক শূন্য ৪ শতাংশ ও ব্যাংক আল-ফালাহের ৫ দশমিক শূন্য ১ শতাংশ।
