২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প মালিকদের দুষলেন গভর্নর

সাভার বিপর্য়য়সহ তৈরি পোশাক শিল্পে সংঘটিত অঘটন-দুর্ঘটনার জন্য মালিকদের অতিরিক্ত মুনাফার লোভপ্রসূত নিয়ম-নীতি উপক্ষোকে দায়ী করেছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কতিপয় বেপরোয়া, অবিবেচক ও অর্থলোভী মানুষের সামাজিক ও অবকাঠামো সম্পর্কিত প্রচলিত নিয়ম-নীতি উপেক্ষা করার দু:সাহসের কারনে দেশের অর্থনীতির প্রধান প্রতীক গার্মেন্টস খাতের অপূরণীয় ক্ষতি হোক তা কোনভাবেই মেনে নেয়া যায় না।”

আতিউর বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, সরকার, ঋণদানকারী সংস্থা, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্টেক হোল্ডাররা এই খাতে সুশাসন ও কমপ্লায়েন্ট বিশ্বমানে উন্নীত করার জন্য যা করা দরকার তা করতে একযোগে এগিয়ে আসবেন।”

প্রধানমন্ত্রীর সার্বক্ষনিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ারব্রিগেড এবং স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান গভর্নর।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়া-বাংলাদেশ ব্যাংকের নেয়া উদ্যোগমালা’ শীর্ষক অনুষ্ঠানে গভর্নর লিখিত বক্তব্যের বাইরে এ সব কথা বলেন।

অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর উদ্বোধন কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠানে ‍যোগ দেননি তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির তালিকায় ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও প্রধানমন্ত্রী না আসায় মঞ্চে ওঠেন অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় ঘোষণা দেয়া হয়, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

বিকেল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী আব্দুল মুহিত।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ‘বদলে যাওয়া বাংলাদেশ-উন্নয়নের ৪ বছর’, ‘বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ স্মারক’, ‘স্মারক নোট ও স্মারক মুদ্রা’ এই তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচনের পাশাপশি টাকা জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুহিত।

প্রকাশনার মোড়ক উন্মোচনকালে অর্থমন্ত্রী বলেন, “এই তিনটি বই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উদ্বোধন করলাম। টাকা জাদুঘরের ভিত্তি প্রস্তরের নাম ফলকেও প্রধানমন্ত্রীর নামই থাকবে।”

মোড়ক উন্মোচন এবং ভিত্তি প্রস্তর স্থাপনের পর দেশব্যাপী বাংলাদেশ ব্যাংকের সাড়ে ৪ হাজার কম্পিউটারের নেটওয়ার্কিং সিস্টেমও উদ্বোধন করেন মন্ত্রী।