বৈঠকে কর্মসূচি নিয়ে মতে মিল হল না ব্যবসায়ী নেতাদের
কোনো কর্মসূচির সিদ্ধান্ত ছাড়াই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষ হয়েছে।
সোমবার দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ সংগঠনটির বেশ কয়েকজন সাবেক সভাপতি ও সহ-সভাপতি এই বৈঠক করেন।
সোনারগাঁও হোটেলের নিরালায় পৌনে দুই ঘণ্টার এ রুদ্ধদ্বার বৈঠকে ১৬ জন ব্যবসায়ী নেতা অংশ নেন, যাতে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।
বৈঠক শেষে কাজী আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ব্যবসায়ীদের সম্মেলন কীভাবে করা যাবে সে বিষয়ে আলোচনা করতে আমি সাবেক কয়েকজন সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলাম।”
ওই সম্মেলন থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কি না জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, “সেটা নির্ভর করবে সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীদের সকলের মতামতের ওপর।”
“আমরা আগাম কোনো কর্মসূচি ঠিক করিনি,” বলেন তিনি।
তবে বৈঠকে উপস্থিত সাবেক একজন সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ২৬ তারিখের সম্মেলন থেকে কী কর্মসূচি ঘোষণা করা হবে, তা ঠিক করার জন্যই আজকের এই বৈঠক ডাকা হয়। কিন্তু সবাই ক্ষতির কথা বললেও কেউ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেতে চায় না।”
সবাই একমত না হওয়ায় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি বলে জানান তিনি।
বৈঠকে এফবিসিসিআই সাবেক সভাপতি সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, ইউসুফ আব্দুল্লাহ হারুণ, এ কে আজাদ, সহ-সভাপতি মো. হেলালউদ্দিন, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, সাবেক সহ-সভাপতি মোহাম্মাদ আলী, দেওয়ান সুলতান আহমেদ, মো. আবুল কাসেমসহ আরো কয়েকজন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।
চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের করণীয় ঠিক করতে গত ২৮ মার্চ ব্যবসায়ী সম্মেলনের ডাক দেয়ে এফবিসিসিআই।
প্রথমে ৬ এপ্রিলে সম্মেলনের দিন ঠিক করা হলেও ওইদিন হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ থাকায় তা স্থগিত করা হয়।
পরে ২০ এপ্রিলে সম্মেলনের তারিখ ঠিক করে এফবিসিসিআই। তাও স্থগিত করে আগামী ২৬ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন করবে সংগঠনটি।
প্রতিটি ব্যবসায়ী চেম্বারের সভাপতিসহ কমপক্ষে দুজনকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে এফবিসিসিআই। দেশের ৭৩টি চেম্বার ও ২৯৩টি ব্যবসায়ী সমিতি সংগঠনটির সদস্য।
ঘন ঘন হরতালে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উল্লেখ করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একদিনের হরতালে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয় বলে এক হিসাবে দেখিয়েছ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার করার আহ্বানও জানিয়েছে এফবিসিসিআই।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সোমবারের বিবৃতিতেও বলা হয়েছে, “ঘন ঘন হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।”
সংঘাতের রাজনীতি পরিহার করতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ব্যবসা-বাণিজ্যে ক্ষতির কথা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠকের জন্য এফবিসিসিআই সম্প্রতি আলাদা চিঠি দিলেও কারোর সঙ্গেই তাদের বৈঠক হয়নি।
