২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট প্রণয়নে সাবধানী হওয়ার পরামর্শ সিপিডি’র

আগামী বাজেট প্রণয়নে সরকারকে সাবধানী ও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

সংস্থাটি মনে করে, নির্বাচনের বছর ও সরকারের শেষ বছর হলেও একে জনতুষ্টিমূলক বাজেট করা যাবে না। আগামী বাজেটটি হতে হবে সতর্কতামূলক, সংহতিমূলক ও সমঝোতামূলক।

নতুন বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে সিপিডি’র সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “প্রবাসী আয়ের (রেমিটেন্স) প্রবাহ ভাল, রপ্তানি আয়ও তেমন খারাপ না। তারপরও আগামী অর্থবছরের জন্য রয়েছে কয়েকটি চ্যালেঞ্জ। আসলে দেশের অর্থনীতির প্রকৃত সমস্যা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক নয়। আয়ের উৎস সংহত রেখে তাই আগামীতে ব্যয়ের ক্ষেত্রে সংযমী হতে হবে।”

তিনি বলেন, “চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহ, রপ্তানি আয়, মূলধনী যন্ত্রপাতি আমদানি এবং অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে। নতুন বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য থাকছে বড় আকারের ব্যয়।”

প্রবাসী আয়ের (রেমিটেন্স) প্রবাহ রপ্তানি আয় ভালো থাকার পরও আগামী অর্থবছরের জন্য কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন দেবপ্রিয়।

তিনি বলেন, আসলে দেশের অর্থনীতির প্রকৃত সমস্যা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক নয়। আয়ের উৎস সংহত রেখে তাই আগামীতে ব্যয়ের ক্ষেত্রে সংযমী হতে হবে।

“এ সব কারণেই বাজেট প্রণয়নে সরকারকে সাবধানী ও সংযমী হতে হবে,” বলেন দেবপ্রিয় ।

ধানমণ্ডি সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের অর্থনীতির হালচাল এবং আগামী অর্থবছরের বাজেটের নানা প্রস্তাবনা তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।

সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন যে প্রতিবেদন তুলে ধরেন তাতে বলা হয়, আগামী বাজেটের জন্য রাজস্ব, বহিঃ ও সরকারের সুশাসন-মোটা দাগে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। বাজেটের আকার বাড়ছে কিন্তু সে অনুযায়ী রাজস্ব সংগ্রহ নেই। অন্যদিকে বাড়ছে ব্যয়। দক্ষতার সঙ্গে রাজস্ব আয় ব্যবহার করতে না পারলে পরবর্তী ছয় মাসে সম্পদের সীমাবদ্ধতা দেখা দিতে পারে।

বহিঃচ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিদেশি অনুদান ও বিদেশি বিনিয়োগ প্রত্যাশা অনুযায়ী না পাওয়ার শঙ্কা। এ ছাড়া রয়েছে রপ্তানি আয়ের নেতিবাচক প্রবণতা, আমদানি নির্ভর পণ্যমূল্য বেড়ে যাওয়া এবং রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতা বজায় না থাকার শঙ্কা।

সুশাসন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতা। এই অস্থিরতা অভ্যন্তরীণ চাহিদা, বিনিয়োগ, বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডে বিরূপ প্রভাব ফেলেছে। অস্থিরতা আরও ঘনীভূত হলে বাজেট বাস্তবায়ন আদতেই জটিলতার মুখে পড়বে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের উন্নয়নে যেসব উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল, ২০১১-এর পর থেকে সেগুলো বাস্তবায়নে ধীর গতি দেখা যাচ্ছে।

চলতি অর্থবছরে অর্থনীতির হালচাল

প্রতিবেদনে বলা হয়, এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২০০৯ সালের পর এবারই প্রথম কমেছে। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১৮ দশমিক আট শতাংশ। তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে প্রবৃদ্ধি হার ১৫ দশমিক ৪ শতাংশ। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আগামী চার মাসে এনবিআরকে ২৩ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

অন্যদিকে চলতি অর্থবছরের আট মাসে অনুন্নয়ন খাতে সরকারি ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ, লক্ষ্যমাত্রা ছিল ১৩ শতাংশ। লক্ষ্যমাত্রা অর্জনে বাকী চার মাসে গড়ে সাত দশমিক পাচ হারে ব্যয় করতে হবে। এটা সরকারের জন্য বেশ কঠিন।

তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন এবার আশাব্যঞ্জক। প্রকল্প সাহায্য বেশি হওয়ায় এটা হয়েছে। বাজেট ঘাটতি এখনো সহনীয় মাত্রায় আছে। যদিও অর্থবছরের দ্বিতীয়ার্ধে বাজেট ঘাটতি বেশি থাকে। বৈদেশিক সহায়তা বেশি ছাড় হওয়ায় ঘাটতি মোকাবিলায় এবার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার বড় ধরনের চাপ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

আগামী বাজেটের প্রস্তাবনা

নতুন বাজেটে সরকারি ব্যয়ের বরাদ্দ সংযত রাখার পরামর্শ দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী বাজেটের সফল বাস্তবায়ন নির্ভর করছে একটি সমন্বিত মুদ্রানীতির ওপর। মনোযোগ দিতে হবে ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ানোর দিকে। কৃষি উপকরণ ও উৎপাদন দুই খাতেই নিশ্চিত করতে হবে কৃষকের প্রণোদনা।

বিনিয়োগ স্থবিরতার কয়েকটি কারণ চিহ্নিত করেছে সিপিডি। এগুলো হলো- ব্যাংকঋণের উচ্চসুদহার, উচ্চ মূল্যস্ফীতি, আয় না বাড়ায় মানুষের ভোগ কমা, ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি, শিল্পখাতে জ্বালানি ও বিদ্যুতের কম সরবরাহ।

আগামী বাজেটে বিবেচনার জন্য বেসরকারি খাতের জন্য কিছু প্রস্তাব করেছে সিপিডি। ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৪০ লাখ টাকা (বর্তমান ২৪ লাখ) পর্যন্ত বার্ষিক লেনদেন করমুক্ত রাখার সুপারিশ করেছে সিপিডি।

পোলট্রি, তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল, রসায়ন এবং ওষুধ শিল্পগুলোর কর অবকাশ সুবিধা বহাল রাখা, দেশিয় শিল্পের স্বার্থ রক্ষায় আমদানি করা তৈরি পণ্যের ওপর বিদ্যমান শুল্ক বজায় রাখা, বিদ্যুতের দাম আর না বাড়ানোর প্রস্তাব করে সিপিডি।

বৈধ করদাতারা কর দিতে নিরুৎসাহিত হতে পারেন- এ বিবেচনায়  অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার প্রস্তাব করেছে সিপিডি।

শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহী করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের জন্য দীর্ঘমেয়াদি ‘আচরণবিধি’ ঘোষণার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া শিগগির উচ্চতর বাজার তদারক সফটওয়্যার, আলাদা ট্রাইব্যুনাল গঠন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মানবসম্পদ উন্নয়ন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন করা দরকার বলে মনে করে সিপিডি।

পদ্মা সেতু প্রসঙ্গ

পদ্মা সেতু প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংকের ঋণ না নেয়ার সিদ্ধান্তের পর এই সেতু নির্মাণের জন্য দুইটি বিকল্প রয়েছে। একটি বাণিজ্যিক ঋণ। আর অন্যটি নিজস্ব অর্থায়ন। এ দুইয়ের সমন্বয়েও কিছু হতে পারে।

পদ্মা সেতুর জন্য ইতোমধ্যেই সরকার যে হিসাব খুলেছে, তাতে ২০ কোটি ডলার ভারতীয় অনুদান জমা করা হয়েছে। ছাড়া হবে ১০০ কোটি ডলারের সার্বভৌম বন্ড। অন্যদিকে রয়েছে, মালয়শীয় ও চীনা প্রস্তাব। আগামীতে যে দরপত্র ডাকা হবে, তাতে নতুনরাও আসতে পারবে। কিন্তু তারা কতটুকু আগ্রহ দেখাবে, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।

এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, পদ্মা সেতুর কারণে সরকারের অন্য সব প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে সম্পদের অপ্রতুলতার কারণে। অভ্যন্তরীণ উৎস থেকে আয় না বাড়লেও ব্যয় বাড়বে আগামীতে। আর, অনুন্নয়ন ব্যয় ও সুদ ব্যয় বাড়ার কারণে আগামী বছর কমে যেতে পারে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ।