২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্কুল ব্যাংকিং’ নিয়ে অন্যরকম সম্মেলন

স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন ধরনের সম্মেলন শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন এ সম্মেলনের আয়োজন করেনি। ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।

আর্থিক শিক্ষার প্রসার এবং অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলনের আয়োজন করা হলো।

রাজধানীর মিরপুরে কেন্দ্রীয় ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে এখন থেকে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হবে।

আগামী বছর উত্তরাঞ্চলের একটি জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন গভর্নর।

ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

ব্যাংক নির্বাহীদের সংগঠন  অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান আলী রেজা ইফতেখার এবং স্কুল ব্যাংকিং কনফারেন্সের আহবায়ক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র শেখ নাফিস মুক্তাদির, স্কলাস্টিকা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সিমরান তাবাচ্ছুম আলী এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার আহমেদ সাকিব।

২০১০ সালের ২ নভেম্বর স্কুল ব্যাংকিং চালুর নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সে নির্দেশনার পর গত ডিসেম্বর পর্যন্ত ৪৫টি ব্যাংকে ১ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলেছে।

এসব অ্যাকাউন্টে জমা হয়েছে ১১৪ কোটি টাকা। অ্যাকাউন্ট খোলা ও অর্থ জমার বেশিরভাগই হয়েছে বেসরকারি ব্যাংকগুলোতে।

অনুষ্ঠানে সব চেয়ে বেশি অ্যাকাউন্ট খুলেছে এমন ৫টি ব্যাংককে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে ড. আতিউর বলেন, আর্থিক শিক্ষার প্রসার এবং অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার চেষ্টা চলছে। স্কুল ব্যাংকিং কর্মসূচি গ্রহণের ফলে আঠারো বছরের কম বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন নিজ উদ্যোগে ব্যাংকে হিসাব খুলতে পারছে।

“তারা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারছে এবং এটিএম, ডেবিট-ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মতো তথ্যপ্রযুক্তিগত নতুন সেবার সাথে পরিচিত হতে পারছে। অন্যদিকে অল্প বয়স থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা গড়ে উঠছে।”

গভর্নর বলেন, আর্থিক শিক্ষা জনসাধারণের মধ্যে আর্থিক বিষয়ে জানার চাহিদাকে জাগিয়ে তোলে। তারা কী করতে পারে ও কী ধরনের আর্থিক চাহিদা তাদের থাকা উচিত সে ব্যাপারে তাদের সচেতন করে তোলে। বাংলাদেশ ব্যাংক আর্থিক শিক্ষা প্রসারে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

“খুব শিগগিরই রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে আর্থিক শিক্ষার ব্যাপারে প্রচারণা চালানো হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একটি বিশেষ লিঙ্কও সংযোজন করা হচ্ছে।”

জাফর ইকবাল বলেন, বর্তমানে তিন কোটির মতো স্কুল শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১ লাখ ৮৭ হাজার শিক্ষার্থীর অ্যাকাউন্টে ১১৪ কোটি টাকা জমা হয়েছে। এখন সব শিক্ষার্থীকে ব্যাংকিংয়ের আওতায় আনা গেলে স্কুল ব্যাংকিংয়ের অর্থ দিয়েই কয়েকটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

এছাড়া পথশিশুদের জন্য ব্যাংকিং চালু করার বিষয়ে ব্যাংকারদের ভেবে দেখার অনুরোধও জানান তিনি।