২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে আঞ্চলিক বৈষম্য কমানোর সুপারিশ

বাজেটে পানি ও স্যানিটেশন খাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (এইচডিআরসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:25 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ খাতে তিন হাজার ৬০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেয় তারা।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত একটি গবেষণা প্রতিবেদনের সূত্র ধরে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত পানি ও স্যানিটেশন খাতে অর্থ বরাদ্দ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র-প্রান্তের বৈষম্যের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, “গত চার বছরে এই খাতে বরাদ্দের বেশিরভাগই ছিল বড় বড় শহরকেন্দ্রিক। ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১২-১৩ অর্থবছরে এই খাতে পরিচালিত দুইশ সাতটি প্রকল্পের মধ্যে ১১৪টি বাস্তবায়িত হয়েছে দেশের ছয়টি বড় শহরে এবং বাকি ৯৩টি বাস্তবায়িত হয়েছে পুরো বাংলাদেশে। আর বড় শহরগুলোর মধ্যে শুধু ঢাকাতেই বাস্তাবায়িত হয়েছে ৫২টি প্রকল্প।”

“অন্যদিকে বাজেট বরাদ্দের ক্ষেত্রে “প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল যেমন চর, হাওর, উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকায় নীতি নির্ধারকরা তেমন মনোযোগ দেন না।”

আবুল বারকাত বলেন, “২০০৭-৮ অর্থবছরে গ্রামীণ এলাকায় এ খাতে মাত্র ২৪ শতাংশ বরাদ্দ হয়েছে এবং ২০১২-১৩ অর্থবছরে এই বরাদ্দ কমে দাঁড়িয়েছে ১৯ শতাংশ।”

তাই ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও প্রান্তিক স্বাস্থ্যসুরক্ষার কার্যকর পদক্ষেপ হিসাবে এখনই এসব এলাকার জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

এই ক্ষেত্রে দেশের ছয়টি বিভাগীয় শহরের পানি ও স্যানিটেশন খাতে জনপ্রতি বরাদ্দ না বাড়িয়ে পাহাড়ি অঞ্চলের জন্য জনপ্রতি ২১ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা অর্থাৎ পাঁচগুণ, উপকূলীয় অঞ্চলগুলোতে ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা অর্থাৎ তিনগুণ, চর ও হাওর অঞ্চলে ১১ টাকা থেকে বাড়িয়ে ১০০টাকা অর্থাৎ নয়গুণ, জেলা ও উপজেলা শহরগুলোর জন্য ২৯৭ টাকা থেকে বাড়িয়ে ৪৫০টাকা অর্থাৎ দেড়গুণ এবং গ্রামীণ এলাকাগুলোর ক্ষেত্রে ৩৩ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা অর্থাৎ তিনগুণ বেশি বরাদ্দের প্রস্তাব করেন এই অর্থনীতিবিদ।

একই সঙ্গে তিনি বরাদ্দকৃত অর্থের কার্যকর প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করেন।

বারকাত বলেন, “গত অর্থবছরের এই খাতে যে পরিমাণ বরাদ্দ ছিল তার মাত্র ৬০ শতাংশ অর্থ ব্যবহৃত হয়েছে। তাই শুধু বরাদ্দ দিলেই হবে না দরকার বরাদ্দকৃত অর্থের কার্যর প্রয়োগ।”

একই সঙ্গে এই খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে পানি, স্যানিটেশন, ড্রেনেজ, স্যুয়ারেজ ও সলিড ওয়েস্ট ইত্যাদি ক্ষেত্রে আলাদা আলাদা বরাদ্দের প্রস্তাব করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়াটার এইডের বাংলাদেশ প্রতিনিধি মো. খায়রুল ইসলাম এই খাতে সরকারি বরাদ্দ ও দাতাদের অর্থায়ন বাড়ানোর পক্ষে অভিমত দিয়ে প্রস্তাবিত বাজেটের সফল বাস্তবায়নে এই খাতে কর্মরত সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর উপর জোর দেন।