বাড়ছে গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন
গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর ফলে ব্যাংকটির ৮৪ লাখ সদস্যকেই শেয়ার হোল্ডার করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান মামুন-উর-রশীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংক কমিশন একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে যেসব বিষয় উঠে এসেছে, এগুলোই চূড়ান্ত। এর খুব বেশি কোনো পরিবর্তন হবে না।
“প্রতিবেদনে বলিষ্ঠভাবে এসেছে পরিচালনা পর্ষদের সদস্যদের নির্বাচনের বিষয়টি।”
“গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন বর্তমানে যেভাবে হয়, তা কোনো নির্বাচন নয়। এখানে কোনো গণতন্ত্র নেই। নির্বাচনের জন্য তাই নতুন বিধি-বিধান প্রণয়ন করা দরকার।”
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ানো হয়নি। এখনো অনেক কম, মাত্র ৫৭ কোটি টাকা। এ ব্যাংকে শেয়ার হোল্ডার বাড়াতে হবে। তাই বাড়াতে হবে পরিশোধিত মূলধন।”
তিনি বলেন, “৮৪ লাখ সদস্যের মধ্যে ৫৩ লাখ শেয়ার হোল্ডার রয়েছেন। পরিশোধিত মূলধন বাড়িয়ে ৮৪ লাখকেই শেয়ার হোল্ডার করা হবে।
“তবে বর্তমানে ব্যাংকটিতে সরকারের যে ২৫ শতাংশ শেয়ার রয়েছে, পরিশোধিত মূলধণ বাড়ানোর পরও তা থাকবে।”
গ্রামীণ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দেয়ার জন্য গঠিত হয় গ্রামীণ ব্যাংক কমিশন।
ইতোমধ্যে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। গ্রামীণ ব্যাংকের ৫৪টি প্রতিষ্ঠানের নিরীক্ষা করার বিষয়ে কমিশন সহযোগিতা চেয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, “উনি একটি অবস্থান নিয়েছেন, যা স্ববিরোধী।”
গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগের কী হলো- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “উনি রিট করে আটকে রেখেছেন। হয়তো নিজে না, কাউকে দিয়ে আটকে রেখেছেন।
“কেউ যদি গ্রামীণ ব্যাংককে ধ্বংসের পদক্ষেপ নিয়ে থাকেন, তা আর কেউ নন, স্বয়ং ইউনূস সাহেব।”
