২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের ৬ এপ্রিলের সম্মেলন স্থগিত

হেফাজতে ইসলামের লংমার্চের কারণে ৬ এপ্রিলের ব্যবসায়ী সম্মেলন স্থগিত করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি মো. হেলালউদ্দিন।

‘নাস্তিক’ ব্লগারদের বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৬ এপ্রিল ঢাকামুখী লং মার্চের ডাক দিয়েছে হেফাজত। লং মার্চে বাধা দিলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার হুমকিও দিয়েছে সংগঠনটি।

চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে এ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। গত ২৮ মার্চ এফবিসিসিআই থেকে সদস্য সব চেম্বার ও ব্যবসায়ী সমিতিকে চিঠি পাঠিয়ে সম্মেলনে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্মেলন স্থগিত করার বিষয়ে হেলালউদ্দিন বলেন, “আমরা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। হেফাজতে ইসলাম ওইদিন একটি কর্মসূচি দিয়েছে। এজন্য আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।” 

সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, আগামী ২০ এপ্রিল এই সম্মেলন করবে এফবিসিসিআই। রাজধানীর সোনারগাঁও, রূপসী বাংলা হোটেল বা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেখানে ভেন্যু পাওয়া যাবে সেখানেই সম্মেরনের আযোজন করা হবে।