বিজিএমইএ নতুন পরিচালনা পরিষদের দায়িত্বগ্রহণ
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নব নির্বাচিত পরিচালনা পরিষদ দায়িত্ব নিয়েছে।
সোমবার সংগঠনের ৩০তম বার্ষিক সাধারণ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয় বলে বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আতিকুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে ২১ মার্চ পরিচালকদের ভোটে পরিচালনা পর্ষদের ২০১৩-১৪ মেয়াদের সভাপতি নির্বাচিত হন তিনি।
সোমবারের সাধারণ সভার প্রথমাংশে বিজিএমইএর বিদায়ী সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও শেষাংশে নব-নির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় ২০১৩ সালের বাজেটও অনুমোদন হয়।
নব-নির্বাচিত পরিচালনা পর্ষদে প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান (কচি), সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম ও সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ (সুমন)।
