২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে ১০৩ কোটি ডলারের ঋণ চুক্তি সই

কাঁচপুর-মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণসহ চারটি বড় প্রকল্পে ১০৩ কোটি ডলারের প্যাকেজের আওতায় ঋণ সহায়তা দেবে জাপান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) সঙ্গে এবিষয়ে চারটি চুক্তি সই হয়েছে।

অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) এর অধীনে দেয়া এ অর্থ থেকে বিভিন্ন অবকাঠামো প্রকল্প নির্মাণে ব্যয় করা হবে।

৩৪তম ওডিএ ঋণ প্যাকেজ দেশের উন্নয়ন সহযোগী একক দেশ হিসেবে জাপানের পক্ষ থেকে দেয়া সর্বোচ্চ ঋণ সহায়তা।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ এবং জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকাও তোদা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো স্যাদোশিমা উপস্থিত ছিলেন।

এ ঋণের বাৎসরিক সুদের হার ০.০১ শতাংশ, যা ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধযোগ্য।

জাইকার সঙ্গে স্বাক্ষরিত ঋণচুক্তির অন্য প্রকল্পগুলো হচ্ছে- কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্প (২য় ধাপ), উত্তরবঙ্গ সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন প্রকল্প।

প্রকল্পের আওতায় কাঁচপুর-মেঘনা-গোমতী ২য় সেতু নির্মাণ ছাড়াও কাঁচপুর-মেঘনা-গোমতী প্রথম সেতুর সংস্কারও করা হবে।

প্রকল্প চারটিতে জাপানের সহায়তার পরিমাণ যথাক্রমে সেতু প্রকল্পে দুই হাজার ৪৯০ কোটি টাকা, পানি সরবরাহ প্রকল্পে তিন হাজার কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন প্রকল্পে এক হাজার ৭৯৬ কোটি টাকা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৯৭৫ কোটি টাকা।

বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় সহযোগী দেশ জাপান স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে এখন পর্যন্ত সাত বিলিয়ন ডলারের উন্নয়ন কাজ শেষ হয়েছে।