৮ ব্যাংকের মূলধন ঘাটতি ৭ হাজার কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক ও আর্থিক আটটি প্রতিষ্ঠানের মোট ৭১৪৯ কোটি ৫৬ লাখ টাকার মূলধনের ঘাটতি রয়েছে।
আর পাঁচটি ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে ২১২০ কোটি ৩৪ লাখ টাকা।
মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মূলধন ঘাটতি ও প্রভিশন ঘাটতির তালিকার মধ্যে রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
বেসরকারিগুলো হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
বিএনপির সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নে অর্থমন্ত্রীর লিখিত জবাবে গত সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর (নয়টি) মূলধন ও প্রভিশন ঘাটতির তালিকা তুলে ধরা হয়।
সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ৩৭৮ কোটি ৬৮ লাখ টাকা, রূপালী ব্যাংকের ৭৩ কোটি ৭৪ লাখ টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৫১৮ কোটি ৩৬ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৫১৮ কোটি ৬১ লাখ টাকা।
বাংলাদেশ কমার্স ব্যাংকের ২০৮ কোটি ১৬ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৩৯ কোটি ৩৬ লাখ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি ১২৮০ কোটি ৫৫ লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩২ কোটি ১০ লাখ টাকার মূলধন ঘাটতি রয়েছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের কোনো মূলধন ঘাটতি নেই।
প্রভিশন ঘাটতি রয়েছে সোনালী ব্যাংকের ১০১৭ কোটি ৭৭ লাখ টাকা, কৃষি ব্যাংকের ৯৮৫ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৪ কোটি ৪৯ লাখ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ৫২ কোটি ৫৪ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫৪ লাখ টাকা।
তবে রূপালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোনে প্রভিশন ঘাটতি নেই।
মুহিত জানান, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে গত ডিসেম্বর পর্যন্ত মূলধন ও খেলাপি ঋণ পরিস্থিতির হালনাগাদ হিসাবায়ন করে প্রভিশন ও মূলধন ঘাটতি নিণর্য় করে তা পূরণের লক্ষ্যে সরকারের কাছে আবেদন করার জন্যে বলা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের লক্ষ্যে রিক্যাপিটালাইজেশন-এর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কার্যক্রম পর্যালোচনাধীন।
এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মূলধন ও প্রভিশন ঘাটতি দূর করার জন্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির আরেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক থেকে ৬৫ হাজার ৮৮৬ কোটি ৬১ লাখ টাকা ঋণ নিয়েছে।
সরকারের ট্রেজারি রুলস্-এর আওতায় ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে থাকে।
