চট্টগ্রাম বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রায় চারশ প্রতিষ্ঠানের পণ্যের পসরা নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) একবিংশতম আসর।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ মেলার আয়োজন করেছে।
চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি, অপর সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি ও এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
মেলা কমিটির কো চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, এবারের মেলায় পলোগ্রাউন্ড মাঠের চার লাখ বর্গফুট জমিতে ছোট বড় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল থাকছে।
এছাড়া রেড ক্রিসেন্ট, সন্ধানী, মুক-বধির ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য একটি করে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
এ মেলার পার্টনার কান্ট্রি হিসেবে থাইল্যান্ড সারে চার হাজার বর্গফুট জমির ওপর সাজাচ্ছে তাদের আয়োজন। নিজেদের পণ্য নিয়ে আর্ন্তজাতিক এ মেলাতে থাকছে ভারত, চীন, তুরস্ক, পাকিস্তান ও ইরানও।
মেলার সার্বিক নিরাপত্তায় র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প থাকছে। এছাড়া গোয়েন্দা সংস্থা ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা মেলা চলাকালে রাত-দিন দায়িত্ব পালন করবেন বলে জামিল আহমেদ জানান।
এছাড়া দর্শনার্থীদের জন্য মেলায় একটি তথ্য বুথ, বিনামূল্যে ওয়াই-ফাই অনলাইন সুবিধা, আর্থিক লেনদেনের সুবিধার্থে এনসিসি ব্যাংকের একটি অস্থায়ী শাখা স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।
২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ১০ টা- রাত ১০টা চলবে মেলা। এ সময় যে কেউ ১০ টাকার টিকিট নিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন।
অন্যদের মধ্যে মেলা কমিটির আরেক কো চেয়ারম্যান ছগির আহমেদ, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাজহারুল হক শাহ, জহুর আহমেদ, আফসার হোসেন চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
