ইডিএফ তহবিলে যোগ হবে ২০ কোটি ডলার
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ২০ কোটি ডলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের রপ্তানি খাতের সম্ভাবনা ও ইডিএফ থেকে ঋণের চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কি পরিমাণ বাড়ানো হবে এ মুহূর্তে আমি তা বলতে পারছি না।”
বর্তমানে এই তহবিলে ৬০ কোটি ডলার রয়েছে। এক জন রপ্তানিকারক এই তহবিল থেকে সর্বোচ্চ এক কোটি ডলার ঋণ নিতে পারেন।
বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন ভিত্তিতে এই ঋণ দিয়ে থাকে। কোন রপ্তানিকারকের ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে তার ব্যাংকিং ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে ওই অর্থ নিতে পারে।
বর্তমানে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক লাইবরের(লন্ডন ইন্টারব্যাংক অফার রেট) সঙ্গে এক শতাংশ সুদে এই তহবিল সরবরাহ করে। আর ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে সর্বোচ্চ লাইবরের সঙ্গে আড়াই শতাংশ হারে সুদ নিতে পারে।
১৮০ দিন বা ৬ মাসের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হয়। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এটি বাড়িয়ে ২৭০দিন বা ৯ মাস করতে পারে।
১৯৮৮ সালে আইডিএর ৫০ লাখ ডলার দিয়ে এই তহবিলটি চালু হয়। এরপর বাংলাদেশ ব্যাংক নিজস্ব অর্থায়নের মাধ্যমে এই তহবিলটি বাড়াতে থাকে। ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত তহবিলটি ছিলো ৩০ কোটি ডলারের। পরবর্তীতে প্রতিবছর ১০ কোটি ডলার করে তহবিলে যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বছরই একবারে ২০ কোটি ডলার যোগ হতে যাচ্ছে।
রপ্তানিকারকরাও বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের রপ্তানি খাতের প্রবৃদ্ধি ও পরিমান বিবেচনায় এই তহবিলটি যথেষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক তহবিলটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এটি অবশ্যই ভালো উদ্যোগ।”
তবে এটা আরও বাড়াতে হবে বলে তিনি মনে করেন।
