২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে অর্থনীতি সচল: বাণিজ্যমন্ত্রী

হরতালে অর্থনীতির কোনো অসুবিধা হয় না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 10:19 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বুধবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, “হরতালে ব্যবসা বাণিজ্যের সমস্যা হয় না, কারখানা চলছে, উৎপাদনও চলছে, ক্ষেত খামারে কৃষক কাজ করছে।”

“হরতালে রাস্তায় গাড়ি কম বের হয়। অনেক গাড়ির মধ্যে কয়েকটা ভাংচুর হয়। তবে আমরা চাই না দেশ অস্থিতিশীল হোক।”

এর আগে জামায়াতে ইসলামীর হরতাল ডাকায় গভীর উদ্বেগ জানিয়েছিল বিজিএমইএ, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি পরিহারে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে গত মাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান জানান, হরতালে একদিনে ক্ষতি হয় এক হাজার ৬০০ কোটি টাকা।

বিজিএমইএ মনে করে, ঘন ঘন হরতাল আহ্বান করলে ব্যবসা-বাণিজ্যকে ঝুঁকির মুখে ঠেলে দেবে, যা দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব ফেলবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর বুধবারও হরতাল ডাকে দলটি।

নগরীর সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে বিজিএমইএ আয়োজিত তিনদিনের তৈরি পোশাক প্রদর্শনী ‘কাফেক্সপো-২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মার্কিন বাজারে তৈরি পোশাক শিল্প পণ্যের জিএসপি সুবিধা, শ্রমিক বিক্ষোভ, তাদের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত এবং কারখানাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠানে বিজিএমইএ নেতৃবৃন্দ দেশের বৃহৎ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের বিকাশের ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতাকে একমাত্র বাধা হিসেবে উল্লেখ করেন। একইসাথে গার্মেন্টস মালিকদের এ সংগঠনের নেতারা রাজনৈতিক দলগুলোর কাছে স্থিতিশীলতাও প্রত্যাশা করেন।

বাণিজ্যমন্ত্রী কারখানাগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেয়ার অনুরোধ করে বলেন, প্রয়োজনে কারখানায় দারোয়ান বাড়িয়ে দিন, নামার সিড়ির গেইট বন্ধ করবেন না।

একইসাথে অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রাখারও আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, কাফেক্সপো-১৩ এর সমন্বয়কারী নাফিস নবী প্রমুখ।

উদ্বোধনের পর মন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এবারের কাফেক্সপোতে ৪৭ টি স্টলে ২৪ টি দেশি ও বিদেশী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন গার্মেন্টশিল্প মালিক, ক্রেতা ও তাদের প্রতিনিধিসহ মিলিয়ে তিন হাজার ব্যক্তি উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাফেক্সপোতে মূল স্পন্সর হিসেবে থাকছে এক্সিম ব্যাংক লিমিটেড। সহকারী স্পন্সর হিসেবে রয়েছে ফোর এইচ গ্রুপ, এনসিসি ব্যাংক, রয়েল সিমেন্ট, সিটি হোম প্রপার্টিস, কিউটেক্স মার্চেন্ডাইজিং ও সাদ মুছা গ্রুপ। 

বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, তাজরিন ফ্যাশন ও স্মার্ট এক্সপোর্ট লিমিটেড এ সংগঠিত অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিক নিহত হবার ঘটনায় তাদের প্রতি শোক জানিয়ে এবারের কাফেক্সপো উপলক্ষে সংগঠনের ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হবে না।