আমিরাতে ‘ক্ষমার’ সুযোগ নিচ্ছেন ২২ হাজার বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানরত প্রায় ২২ হাজার বাংলাদেশি ‘সাধারণ ক্ষমার’ আওতায় দেশে ফেরার সুযোগ নিচ্ছেন।
এদের মধ্যে ২১ হাজার বাংলাদেশি ইতোমধ্যে জেল-জরিমানা এড়িয়ে দেশে ফেরার জন্য দূতাবাস থেকে ‘ট্র্যাভেল পাস’ সংগ্রহ করেছেন।
‘সাধারণ ক্ষমার’ এই সুযোগ নেয়ার জন্য আরব আমিরাত সরকারের বেঁধে দেয়া দুই মাস সময় সোমবার শেষ হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল কাওনাইনকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যভিত্তিক পত্রিকা গালফ নিউজ জানায়, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে ‘ট্র্যাভেল পাস’ দেয়া হয়েছে।
এর মধ্যে আবু ধাবির বাংলাদেশ দূতাবাস থেকে চার হাজার ৭০০ এবং দুবাই কনস্যুলেট থেকে ১৬ হাজার ২৯৭ জনকে এই ‘পাস’ দেয়া হয়েছে।
সব মিলিয়ে ২২ হাজারের বেশি বাংলাদেশি এই সাধারণ ক্ষমতার আওতায় দেশে ফিরতে পারেন বলে ধারণা করছেন দূতাবাস কর্মকর্তারা।
এর আগে ২০০৭ সালে ৪০ হাজার বাংলাদেশি এ ধরনের সাধারণ ক্ষমার সুযোগ নেন।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাত লাখ বাংলাদেশি রয়েছেন। দেশটিতে তৃতীয় সর্বাধিক প্রবাসী শ্রমিকও তারা।
বাংলাদেশিরা ছাড়াও পাকিস্তানের প্রায় সাড়ে পাঁচ হাজার এবং ভারতের তিন হাজার তিনশ অবৈধ অভিবাসী বৃহস্পতিবার পর্যন্ত নিজেদের দূতাবাস থেকে ‘ট্র্যাভেল পাস’ নিয়েছেন।
দূতাবাস বা কনস্যুলেট থেকে এই ‘ট্র্যাভেল পাস’ সংগ্রহের পর তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করলে দেশ ত্যাগের অনুমতি পাবেন এই ‘অবৈধ অভিবাসীরা’।
এ সুযোগ নিয়ে গত ৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দেশের নয় হাজার চারশ’ অবৈধ অভিবাসী আরব আমিরাত ছেড়ে গেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সময়সীমা পার হওয়ার পর কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা গুণতে হবে।
