বেকারের পরিসংখ্যান নেই শ্রম মন্ত্রণালয়ে
বর্তমানে দেশে বেকারের সংখ্যা কত, তার সঠিক পরিসংখ্যান নেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে।
রোববার সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বেকারত্ব নিয়ে মন্ত্রণালয়ের কোনো পরিসংখ্যান নেই জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তিন বছর আগের জরিপের তথ্য তুলে ধরেন।
ফরিদা আক্তারের প্রশ্নের উত্তরে রোববার মন্ত্রী বলেন, বেকারের সংখ্যা নির্ণয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো জরিপ পরিচালনা করে না। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ২০০৯ সালের জরিপ অনুযায়ী, বর্তমানে দেশে বেকার সংখ্যা ২৭ লাখ।
এর আগে গত বছরের ৫ জুলাই পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সংসদে জানিয়েছিলেন, দেশে বেকার সংখ্যা ২৬ লাখ।
চাকরি দাবিতে বেকার সার্সদের বিক্ষোভ (ফাইল ছবি)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ-২০১০ এর প্রাথমিক ফলাফল অনুযায়ী ওই তথ্য জানিয়েছিলেন তিনি।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তির সংখ্যা ৫ কোটি ৭১ লাখ। এর মধ্যে কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা ৫ কোটি ৪৫ লাখ এবং কাজ খুঁজছেন এমন শ্রমশক্তির সংখ্যা ২৬ লাখ, যাদের বেকার বলে চিহ্নিত করা হয়।
শ্রমমন্ত্রী আরো জানান, প্রতিবছর বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ১৫ লাখ শ্রমবাজারে প্রবেশ করে।
তবে প্রতি বছর কী পরিমাণ শ্রমশক্তি জাতীয় শ্রমিক বাজার থেকে বিযুক্ত হচ্ছে, সে তথ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য ভাণ্ডারে নেই।
২০১০ সালের ২৭ জানুয়ারি তখনকার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদে জানিয়েছিলেন, দেশে বেকার জনসংখ্যা ২১ লাখ।
শিশু শ্রমিক ৪ লাখ
ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী জানান, দেশে ৬-১৭ বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫০৪ জন।
এর মধ্যে ৯৪ শতাংশ সার্বক্ষণিক শ্রমে এবং ৬ শতাংশ খণ্ডকালীন গৃহকর্মে রয়েছেন।
মন্ত্রী জানান, শুধু ঢাকা মহানগরীতে শিশু গৃহকর্মীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৫ জন, যার মধ্যে ৭৮ শতাংশ মেয়েশিশু।
