২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত ব্যাংক পাবে সুবিধা’

পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত ব্যাংকগুলোকে বেশি সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

ফারহান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেছেন, যে সব ব্যাংক বেশি বেশি গ্রিন (পরিবেশ বান্ধব) ব্যাংকিংয়ের সঙ্গে নিজেদেরকে যুক্ত করবে তাদেরকে বেশি বেশি ব্যবসা দেয়া হবে।

ভলান্টারি উইমেন্স অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সেমিনারের আয়োজন করে ইনিস্টিটিউট অফ লাইভলিহুড স্টাডিজ (আইএলএস)।

আতিউর বলেন, পরিবেশ বান্ধব ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোকে ‘ক্যাপিটাল রিকোয়ারমেন্টে’ ছাড় দেয়া হবে।

বিষয়টি পর্যবেক্ষণে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছে জানিয়ে গভর্নর বলেন, নির্দিষ্ট সময় পরপর ব্যাংকগুলোর কাছ থেকে গ্রিন ব্যাংকিংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংগৃহীত এসব তথ্যের ভিত্তিতে শীর্ষ ১০টি ব্যাংককে বিভিন্ন সুযোগ দেয়া হবে বলে জানান তিনি।

আতিউর আরো বলেন, “আমার একটি চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছে না। যদি কোনো এনজিও ঢাকার একটি গলিকে সম্পূর্ণ সোলার বিদ্যুতের আওতায় আনলে আমি নিজে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের জন্য অর্থায়নের ব্যবস্থা করতাম।”

আইএলএসের চেয়ারম্যান ডক্টর হামিদুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএলএসের সিনিয়র ফেলো হারুন-উর রশিদ।