২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুইক রেন্টালে ‘ক্ষতি’ ৬ হাজার  কোটি টাকা

রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় চলতি অর্থবছরে সরকারের ৬ হাজার ৩০৫ কোটি টাকা ‘ক্ষতি’ হবে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এই তথ্য দেন।

বিএনপির সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরে রেন্টাল ও কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কেনার কারণে সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৬ হাজার ৩০৫ কোটি টাকা।

সরকারি খাতে উৎপাদিত সাশ্রয়ী মূল্যের বিদ্যুতের কারণে নিট ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ৫ হাজার ৪০০ কোটি টাকা।

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ করতে গিয়ে সরকারকে এই ভর্তুকি গুনতে হচ্ছে।

একে সরকারের ‘ভ্রান্ত’ নীতি বলে বিরোধী দলে বলে এলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত উৎপাদন বাড়াতে এর বিকল্প ছিল না।

জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক জানান, প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চ মূল্য বিরাজ করছে।

তিনি বলেন, ২০১১ সালে এ মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে অভ্যন্তরীণ বাজারে চার দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। কিন্তু তারপরও প্রতি লিটারে প্রায় ১৭/১৮ টাকা ভর্তুকি দিয়ে তেল বিক্রি করতে হচ্ছে।

২০১২ সালে জ্বালানি তেলের উচ্চ মূল্য বিরাজ থাকায় গত ৪ জানুয়ারি তেলের দাম বাড়ানোর পরও ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েলে ভর্তুতি দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত ৮৬০ মেগাওয়াট ক্ষমতার নয়টি বিদ্যুৎ কেন্দ্র সংরক্ষণ ও মেরামত শেষে চালু করা হয়েছে এবং ৬১৫ মেগাওয়াট ক্ষমতার সাতটি বিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষণ ও মেরামত কাজ চলছে।

একইসঙ্গে ৫ হাজার ৪৩৭ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে বলে জানান তিনি।

সংসদ সদস্য রহমত আলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি ২০১৩ সালের জন্য জ্বালানি তেলের চাহিদা পূরণে সর্বমোট ৫২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে বিপিসির।

শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বর্তমান শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা গড়ে ৫ হাজার মেগাওয়াট এবং উৎপাদন গড়ে ৪ হাজার ৮০০ মেগাওয়াট।

আসন্ন সেচ ও গ্রীষ্ম মৌসুমে সম্ভাব্য সর্বোচ্চ চাহিদা সাড়ে ৭ হাজার মেগাওয়াট ও সর্বোচ্চ উৎপাদন ৬ হাজার মেগাওয়াট থাকবে বলে জানান তিনি।