২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ হলো অনাবাসীদের পক্ষে কাজের প্রক্রিয়া

দেশে অনাবাসী ব্যক্তি বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিদের কাজের অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 11:03 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

দেশের ডিলার ব্যাংকগুলোকে নতুন প্রক্রিয়ার বিষয়ে অবহিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রজ্ঞাপনে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন প্রক্রিয়ায় বাংলাদেশে নিবাসী নন এমন ব্যক্তি বা বাংলাদেশে নিবন্ধিত নয় এমন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে এজেন্ট, কারিগরি বা ব্যবস্থাপনা উপদেষ্টা বা কর্মকর্তার ভূমিকায় বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে অনুমোদনের আবেদন করার পরেই কাজ শুরু করার সুযোগ পাবে।

আগের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার পর কাজ শুরু করা যেত। অনুমোদনের এই প্রক্রিয়া শেষ হতে তিন থেকে চার মাস অপেক্ষায় থাকতে হতো ব্যক্তি বা প্রতষ্ঠানগুলোকে।

ব্যবসায়িক কাজ শুরুর এই দীর্ঘসূত্রতা দূর করতে বাংলাদেশ ব্যাংক এই নতুন উদ্যোগ নিয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী প্রবাহ বাড়বে এবং বিদেশি বিনিয়োগও উৎসাহী হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে গ্রাহক ব্যাংকের কাছে আবেদন করার পর ব্যাংক কর্তৃপক্ষ ওই আবেদনসহ সংযুক্ত দলিলাদির বিবরণ দিয়ে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে একটি ফরোয়ার্ডিং দিবে। আবেদনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজ-পত্রের বিবরণ আছে কি না তা যাচাই করে পরের দিনই ব্যাংক কর্তৃপক্ষকে ফিরতি ই-মেইল দেবে কেন্দ্রীয় ব্যাংক।

সবকিছু ঠিক থাকলে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই দিন থেকেই কাজ শুরু করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এরপর ওই আবেদনের স্বপক্ষে অনুলিপি পাঠাবে ব্যাংক। কাগজপত্র যাচাই করে কোনো অসম্পূর্ণতা পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক তা সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংককে জানাবে। এই অসম্পূর্ণ দলিল ওই ব্যাংককে আট সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এই সময়ের মধ্যে তা পাঠানো না হলে প্রাথমিক অস্থায়ী অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এর আগে এ ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কাজের অনুমোদনের আবেদনের সঙ্গেই প্রয়োজনীয় কাগজ-পত্র নেয়া হতো। যাচাই-বাছাই করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনীয় কাগজের ঘাটতি আছে বা যথার্থতা নিশ্চিত করা যাচ্ছে না। তথন যে ব্যাংকের মাধ্যমে গ্রাহক আবেদন করেছে সেই ব্যাংকের কাছে পুনরায় এসব দলিলাদি চাওয়া যায়। ব্যাংক চায় গ্রাহকের কাছে। এভাবে একটা অনুমোদনের জন্য অনেক সময় লেগে যায়। এই সময় যাতে কম লাগে সেজন্য নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে।