‘নতুন সূচক আস্থা ফেরাচ্ছে’
ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন সূচক চালু হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার জায়গা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার থেকে শুধুমাত্র লেনদেনযোগ্য শেয়ারকে হিসাবে ধরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন পদ্ধতিতে সূচক পরিমাপ শুরু হয়।
অর্থমন্ত্রী বলেন, “আমরা শুরু থেকেই পুঁজিবাজারকে চাঙা করার চেষ্টা করে যাচ্ছি। অনেক আইন-কানুন করেছি। কিছুটা সফল হয়েছি। কিন্তু পুরোপুরি লক্ষ্য অর্জন করতে পারিনি।”
তিনি বলেন, “গতকাল থেকে ডিএসইতে নতুন সূচক চালু হয়েছে। এর ফলে একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে।”
পুঁজিবাজার চাঙা করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকেও ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
পুঁজিবাজারের চলমান লেনদেন ‘খরা’ কাটানোর উপায় খুঁজতে সোমবার বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
ওই বৈঠক শেষে আকরাম বলেন, “কীভাবে বাজার সঠিকভাবে চলতে পারে এবং বাজার উঠতে পারে সে লক্ষ্যে কাজ করার জন্য একটি কমিটি করা হবে। আমি এফবিসিসিআই সভাপতি হিসেবে সবাইকে নিয়ে চেষ্টা করব।
আইসিবির অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করার (ডিমিউচুয়ালাইজেশন) ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “স্টক এক্সচেঞ্জের পরিচালনার রাস্তাটা দূষিত। এটা পরিষ্কার করা দরকার। এজন্য আমরা ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নিয়েছি। এটা তাড়াতাড়ি হবে।”
আইসিবিরি চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ আইসিবি ও অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ফায়েকুজ্জামান বলেন, “মার্কেট মেকিংয়ে আইসিবির ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে সূচকের যে স্থিতিশীলতা রয়েছে তাও আইসিবির কারণে।”
৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের জন্য অর্মন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে তিনি বলেন, “বাংলাদেশ ফান্ড গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ ফান্ডের জন্য কিছু প্রণোদনার প্রস্তাব করেছি আমরা। এটা হলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।”
সভায় জানানো হয়, ২০১১-১২ অর্বছরের জন্য আইসিবি সরকারকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে ২২ কোটি ৭৮ লাখ টাকা এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ হিসেবে ২২ লাখ ৭৮ হাজার শেয়ার দেয়। স্টক লভ্যাংশের বাজার মূল্য প্রায় ৩২৫ কোটি টাকা।
