জিএসপি: কংগ্রেসে শুনানির প্রস্তুতি
শ্রম পরিস্থিতি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থায় অসন্তোষ জানিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাতিলের আবেদন শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরার প্রস্তুতি নিয়েছে সরকার।
রোববার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুব হোসেন। বৈঠকে মন্ত্রণালয়ের বাইরেও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরাও অংশ নেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে বৈঠকেও জিএসপি নিয়ে আলোচনা হয়েছে বলে
বাণিজ্য সচিব বলেন, “আমরা জবাব দাখিল করব। গত চার বছরে অনেক ইতিবাচক কাজ হয়েছে সেগুলো আমরা পাঠাব।”
২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার পর এর আগেও দুবার এ সুবিধা বাতিলের আবেদন ওঠে।
অবশ্য শুনানি শেষে রায়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল রয়েছে, বলেন সচিব।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ (এএফএল-সিআইও) বাংলাদেশের জিএসপি (জেনারেলঅইড সিস্টেম অফ প্রেফারেন্স) সুবিধা বাতিলের আবেদন করেছে।
তাদের অভিযোগ, পোশাক ও চিংড়ি খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রম অধিকার সংরক্ষিত হচ্ছে না এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয়।
এএফএল-সিআইও যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) বরাবর আবেদন করার পর বিষয়টি আমলে নিয়েছে সংস্থাটি।
এরপর ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে অভিযোগের বিষয়ে মতামত দেওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। আগামী মার্চে এ বিষয়ে শুনানি হবে।
কংগ্রেসে ওই আবেদনের পর তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হয়। এই অগ্নিকাণ্ড নিয়েও সমালোচনায় মুখর হয় যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো।
একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধা পাওয়া পণ্যগুলো শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০১১-১২ অর্থবছরের বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট রপ্তানির ২১ শতাংশ (৫০০ কোটি ডলার)।
২০১১ সালে যুক্তরাষ্ট্রে জিএসপির সুবিধায় বাংলাদেশ পণ্য রপ্তানি করেছিল ২ কোটি ৬৩ লাখ ডলারের। এ সুবিধায় রপ্তানি হয়েছিল তামাকজাত পণ্য, খেলাধুলা সামগ্রী, রান্নাবান্না সামগ্রী (চায়না কিচেনওয়্যার), প্লাস্টিক পণ্য ইত্যাদি।
