২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউচুয়াল ফান্ডগুলোকে মুনাফার ৭০% বিতরণ করতে হবে

 নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক বা বোনাস লভ্যাংশ ঘোষণার ক্ষমতা রেখে মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফারহান ফেরদৌস

প্রতিবেদকঃ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০০১’ এর সংশোধনী প্রস্তাব জনমত যাচাইয়ের জন্য সংস্থাটির ওয়েবসাইটে দেয়া হয়। ১৩ অক্টোবর পর্যস্ত জনমত সংগ্রহ করে তা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করা হয়।

বিধিমালায় বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডগুলো বছর শেষে যে মুনাফা করবে তার ন্যূনতম ৭০ শতাংশ অবশ্যই ফান্ডের ইউনিটধারীদের মধ্যে লভ্যাংশ আকারে বিতরণ করতে হবে। তা নগদ বা স্টক লভ্যাংশ বা উভয়ই হতে পারে।

এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল না। সংশোধনীতে মিউচুয়াল ফান্ড বা সম্পদ ব্যবস্থাপনার কাজের পরিধি অনেক বিস্তৃত করা হয়েছে। নতুন নতুন খাতে নতুন তহবিল তৈরির সুযোগ রাখা হয়েছে।

সংশোধিত বিধিমালায় মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগসংক্রান্ত বিধিবিধানেও কিছু পরিবর্তন আনা হয়েছে। মিউচুয়াল ফান্ডের ৭৫ শতাংশ পুঁজিবাজারের বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা কমিয়ে ৬০ শতাংশ  করা হয়েছে। এই ৬০ শতাংশের অর্ধেক অবশ্যই তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে ।

মঙ্গলবারের সভায় ফিনিক্স ফাইন্যান্স লিমিটেডের ১০টি শেয়ারে একটি রাইট শেয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি।

এই রাইট শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৯২ লাখ চার হাজার ১৩৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে নয় কোটি ২০ লাখ ৪১ হাজার ৩৯০ টাকা উত্তোলন করবে।এক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উত্তোলিত এই টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধির শর্ত পূরণ করবে ফিনিক্স ফিন্যান্স লিমিটেড।