২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা নিয়ে ‘আশার কথা’ বললেন গোল্ডস্টেইন

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের ব্যাপারে ‘খুবই আশাবাদী’ বাংলাদেশে সংস্থাটির প্রধান অ্যালেন গোল্ডস্টেইন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 10:51 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন, “ সেতু নির্মান নিয়ে এরই মধ্যে অন্যান্য সহযোগীদের সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্ব ব্যাংক যে এই সেতুর নির্মাণ কাজে অর্থায়ন করবে-এ ব্যাপারে আমি খুবই আশাবাদী।”

বিশ্ব ব্যাংকের যে পর্যবেক্ষক প্যানেল গত মাসে ঢাকা ঘুরে দুদকের কাজের অগ্রগতি দেখে গেছে তারা করে প্রতিবেদন দেবে জানতে চাইলে অ্যালেন বলেন, “এটা একটা চলমান প্রক্রিয়া। এ মাসেই রিপোর্ট পাওয়া যাবে। এ প্রকল্পের দুর্নীতির বিষয়ে দুদকের মামলার যে নথি (এফআইআর) পাঠানো হয়েছে তা এখন পর্যালোচনা করা হচ্ছে।”

তিনি বলেন, “এর মধ্য দিয়ে বিষয়টির সমাধানের ব্যাপারে একটা জায়গায় পৌঁছানো যাবে।”

বিশ্বের অনেক দেশেই বছরের এ সময়টায় ছুটি থাকে বলে ‘এ কাজে একটু সময় লাগছে’ বলে মন্তব্য করেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি। 

দুপুরে রাজধানীর মহাখালী আইসিডিডিআরবিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন গোল্ডস্টেইন।  

প্রায় একই সময়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান তার কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার পর বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দলের সঙ্গে তাদের ‘চিঠি আদান-প্রদান’ হয়েছে।

“আপনারা জানেন মামলার এজাহারের কপি বিশ্ব ব্যাংক ও প্যানেল অফ এক্সপার্টদের কাছে পাঠানো হয়েছে। দুর্নীতির ষড়যন্ত্রের যা যা ঘটেছে তার বিস্তারিত এতে রয়েছে। এর ভিত্তিতেই তারা তাদের বক্তব্য আমাদের জানাবে।”

দুদক ‘ট্রান্সপারেন্ট, ফেয়ার ও কংক্রিট ওয়েতে’ দুর্নীতির অনুসন্ধান সম্পন্ন করেছে বলে চেয়ারম্যান দাবি করেন। 

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক এ প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে। এরপর সরকারের নানা তৎপরতায় এ প্রকল্পে তারা আবার ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত বদলালেও দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে একটি প্যানেল গঠন করে।

আর্ন্তজাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন  ওই পর্যবেক্ষক দলের মতামতের ওপর এ প্রকল্পে অর্থায়ন নির্ভর করবে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।

পর্যবেক্ষক দলটি দুই বার ঢাকা সফর করার পর গত ১৭ ডিসেম্বর এ ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি মামলা করে দুদক। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়াসহ সাত জনের বিরুদ্ধে পদ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে অর্থ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় ওই মামলায়।

মামলার পরদিন পদ্মা দুর্নীতির ষড়যন্ত্রের বিশদ তদন্তের জন্য সংস্থার পরিচালক মনিরুজ্জামানকে সমন্বয়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করে দুদক। প্রাথমিকভাবে প্রতিবেদন দাখিলের জন্য ৪৫ দিন সময় দেয়া হয় তাদের।

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, তদন্ত চলছে। প্রতিবেদন হাতে আসার পর আর কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না তা বিস্তারিত জানা যাবে।