২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের দল কবে আসবে জানেন না মুহিত

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন কৌশল ঠিক করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল কবে ঢাকায় আসবে তা জানেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন কৌশল ঠিক করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল কবে ঢাকায় আসবে তা জানেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তবে পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে অক্টোবরে বিশ্ব ব্যাংকের তিন সদস্যের যে দলটি ঢাকা ঘুরে যায়, তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারো আসছেন বলে জানিয়েছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের একটি সূত্র।

বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদলটি কবে আসবে- সে বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থমন্ত্রী মুহিত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আমি বলেছিলাম বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য চলতি নভেম্বর মাসেই ঢাকায় আসবে। কিন্তু এখন পর্যন্ত তো ওরা আমাদের কিছু জানায়নি।”

“নভেম্বর মাস তো চলে গেল। এ মাসে আসছে না। কবে আসবে- সে বিষয়ে এখনও আমরা কিছু জানি না”, যোগ করেন মন্ত্রী।

গত ৪ নভেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, এ মাসের মধ্যেই বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসবেন। ওই দিন সন্ধ্যায় অর্থমন্ত্রীর পক্ষে দেওয়া এক বিবৃতিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ বলেছিলেন, পদ্মা সেতুর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলটিও এ মাসেই আসবে।

চলতি অর্থবছরের মধ্যেই সেতুর ‘দৃশ্যমান কাজ’ শুরু হবে বলে আশা প্রকাশ করেছিলেন সচিব।

বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াশিংটন থেকে ঢাকা অফিসে জানানো হয়েছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদ্মা সেতুর দুর্নীতি তদন্তের জন্য গঠিন প্যানেল আবার ঢাকায় আসবে।

“কিন্তু অন্য প্রতিনিধিদলের ঢাকায় আসার ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই।”

পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ১২০ কোটি ডলারের ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। তবে সরকারের তৎপরতায় ‘শর্তসাপেক্ষে’ এ প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি।

গত ১ অক্টোবর বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সরকারকে দেয়া শর্ত অনুযায়ী দুটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সে অনুযায়ী দুর্নীতির বিষয়ে বাংলাদেশের তদন্ত অবাধ ও পূর্ণাঙ্গভাবে হচ্ছে কি না তা মূল্যায়ন করতে প্রথম দলটি গত ১৬ অক্টোবর ঢাকা ঘুরে গেছে।

তাদের ফিরে যাওয়ার কয়েকদিনের মাথায় ২১ অক্টোবর বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছিলেন, দ্বিতীয় প্রতিনিধি দলটি নভেম্বরে ঢাকা আসতে পারে। এ ছাড়া টোকিওতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা শেষে দেশে ফিরে ইকবাল মাহমুদও নভেম্বরের কথা বলেছিলেন।

পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ক্ষেত্রে অন্যান্য শর্তের সঙ্গে প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর কথাও বলে বিশ্ব ব্যাংক। এরপর গত ১৭ সেপ্টেম্বর মসিউর ছুটিতে যাওয়ার তিন দিন পর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার কথা জানায়।

এরপর গত ১ নভেম্বর মসিউর আবারো কাজে যোগ দিলে তাতে বিশ্ব ব্যাংকের শর্ত ভঙ্গ হয়েছে বলে আলোচনা ওঠে। সে সময় মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তিনি ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ীই কাজ করবেন।

গত ৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, প্রয়োজনে দীর্ঘ ছুটিতে যেতেও তার আপত্তি নেই।