২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা মোকাবেলায় ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশের ১৪টি বন্যাপ্রবণ জেলায় দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 09:30 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৯৪ টাকা ধরে এর পরিমাণ ৪ হাজার ৭০০ কোটি টাকা।

শনিবার ওয়াশিংটনভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ বছরের গ্রেস পরিয়ডসহ ৩০ বছরের এ ঋণ অনুমোদনের কথা জানায়। বিশ্ব ব্যাংকের সহযোগী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এ ঋণ দেবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্থায়নের মাধ্যমে সাড়ে ১২ লাখের বেশি মানুষ উপকার পাবে। রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার বাইরে পাঁচ শতাধিক বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র, সংযোগ সড়ক, জলবায়ু সহনশীল কমিউনিটি অবকাঠামো নির্মাণ করা হবে।

এসব আশ্রয়কেন্দ্র বন্যার মত প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের বাইরে প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। এগুলোতে সৌরবিদ্যুৎ, নিরাপদ পানি, স্যানিটেশনসহ স্বাস্থ্য বিধি সুরক্ষার সুবিধা থাকবে।

এ প্রকল্প একই সঙ্গে বন্যার আগে ও পরে বিভিন্ন কমিউনিটি ও সরকারের বিভিন্ন সংস্থার প্রস্তুতি ও মোকাবেলায় পদক্ষেপ নিতে সহায়তা করবে।

বন্যার্তদের জন্য ৫০ লাখ ডলার দিচ্ছে জাতিসংঘ  

প্রকল্পের আওতাধীন ১৪টি জেলা হল- নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

প্রকল্পের আওতায় বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলোর ডেটাবেইজ তৈরির মাধ্যমে সেগুলোরি বর্তমান অবস্থা জানা সম্ভব হবে। একই সঙ্গে এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ব-দ্বীপ প্রকল্পের কার্যক্রমেও সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রকল্পটির বিষয়ে বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক হৃদয়বিদারক বন্যা পরিস্থিতি উন্নয়নের মধ্যেও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছে। উপকূলীয় এলাকায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের গত পাঁচ দশকের দীর্ঘ অংশীদারিত্বের ওপর ভিত্তি করে এই প্রকল্প উপকূলীয় এলাকার বাইরে বন্যাপ্রবণ এলাকায় দুর্যোগ মোকাবেলায় সহায়তা করবে।

এটি বাংলাদেশের দুর্যোগে সাড়া দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গিতে রূপান্তরেও সহায়তা করবে বলে তিনি মনে করেন।