২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সঙ্গে ‘সুখের’ সম্পর্ক ‘মধুর’ হওয়ার আশায় মুহিত

পদ্মা সেতু নিয়ে টানাপড়েন পেরিয়ে এখন বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের সম্পর্ককে ‘সুখের’ বলে বর্ণনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:36 PM

ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বিনিয়োগ নিয়ে সোমবার এক অনুষ্ঠানে মুহিত বলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমানে সুখের। এর ধারবাহিকতায় ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও মধুর হবে।

“কেননা, এ সরকার একটি কল্যাণমুখী সরকার। আর সরকারের কল্যাণমুখিতার জন্য অনেক বেশি বিনিয়োগ প্রয়োজন হয়। এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে, বিশ্ব ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে সহায়তা দিন দিন বাড়াচ্ছে।“

সাত বছর আগে পদ্মা সেতু নির্মাণের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিনিয়োগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল বিশ্ব ব্যাংক; তখন তাদের বাদ দিয়ে নিজস্ব অর্থায়নেই এই সেতু তৈরি করছে সরকার।

তখন বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপড়েন চললেও সময় গড়ানোর পর তা অনেকটাই মুছে গেছে। ঢাকা সফরে এসে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উচ্চ প্রশংসাও করে গেছেন সংস্থাটির প্রেসিডেন্ট।

ঢাকার সোনারগাঁও হোটেলে ২০১৭-২১ সালে বাংলাদেশে আইএফসির বিনিয়োগ পরিকল্পনা ও কৌশলগত দিকের উপর ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুহিত। এতে বাংলাদেশের জন্য ২৫০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, “যে কোনো দেশের উন্নয়নে বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। আর বিনিয়োগের জন্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহজ শর্তে ঋণ। যেটা বিশ্ব ব্যাংকসহ অন্যান্য সহযোগী সংস্থাগুলো ১৯৯৬ সালের পর থেকে করে আসছে।”

প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে এই ঋণ কাজে লাগানোর কথা বলেন তিনি।

“এদেশের অনেকেই ধনী হয়ে গেছে। তাদের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। কিন্তু এখন প্রচুর মানুষ গরিব। তাদের জন্য কিছু করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।”

কর্মশালার মূল প্রবন্ধে আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার জানান, ২০১৮ সালের জুলাই পর্যন্ত তাদের ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রতি রয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ অর্থিক খাতে, অবকাঠামোতে ২৮ শতাংশ, কৃষি ব্যবসা ও উৎপাদনে ১৭ শতাংশ এবং টেলিকমে ১০ শতাংশ।

২০২১ সালের মধ্যে বাংলাদেশের ৩ কোটি মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে আইএফসি চায় জানিয়ে তিনি বলেন, “এসএমই খাতে ৬ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও ৪ লাখ কৃষককে সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।”

এছাড়া জাতীয় গ্রিডে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ, ১ হাজার ঘনফুট গ্যাসের সরবরাহ এবং ৮ লাখ ৫০ হাজার সবুজ বাড়ি বা কারখানা তৈরির লক্ষ্য তাদের রয়েছে বলে উল্লেখ করেন ওয়েন্ডি ওয়ার্নার।

তিনি বলেন, “এসব ক্ষেত্রে আইএফসি উৎপাদনমুখী শিল্প ও এর লজিস্টিক সেবায় ৩ হাজার ৫৫০ মিয়িন ডলার এবং পরিবহন খাতে ১ হাজার ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।”

কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, “বিশ্ব ব্যাংক আগামী দিনে বাংলাদেশের জন্য তাদের সহযোগিতা বাড়াবে, এটা আমাদের জন্য ভালো খবর। মনে রাখতে হবে, জনগণের উন্নয়নে সরকার প্রচুর বিনিয়োগ করছে; এমনকি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্যও প্রচুর পদক্ষেপ নিয়েছে।”

বিনিয়োগে সরকারি পদক্ষেপকে ত্বরান্বিত করতে উন্নয়ন সহযোগীদের সহায়তা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব মাহমুদা বেগম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইএফসির দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক মেনগিসটো এলামায়িহু বক্তব্য দেন।