২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ এলে মাধ্যমিক শিক্ষা সরকারি হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার পুরোটাই সরকারিকরণ করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 08:37 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় একথা বলেন তিনি।

বাজেটে মানবসম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান মুহিত। বর্তমান সরকারের শেষ বাজেট হচ্ছে এবার। এই বাজেটেই স্কুলশিক্ষার্থীদের জন্য বাস নামানোর ঘোষণা থাকছে বলেও জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার পুরোটাই সরকারিকরণ করা হবে।”

তিনি বলেন, “সেকেন্ডারি স্কুলের সংখ্যার দিক থেকে একটা ভালো প্রবৃদ্ধি হয়েছে, এখন কোয়ালিটির দিকে নজর দিচ্ছি। আগামী বজেটেও কিছু সংখ্যক এমপিও দেব।

Image
নাই বা হল আসল, কিন্তু মন্ত্রিসভা তো; আর তা নির্বাচন করতে এই শিক্ষার্থীদের এই সারি রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সোমবার বাংলাদেশের ২৩ হাজার স্কুল-মাদ্রাসায় ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নাই বা হল আসল, কিন্তু মন্ত্রিসভা তো; আর তা নির্বাচন করতে এই শিক্ষার্থীদের এই সারি রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সোমবার বাংলাদেশের ২৩ হাজার স্কুল-মাদ্রাসায় ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের ভোটগ্রহণ হয়।

“এমপিও শুধু শিক্ষকদের জন্য হবে না, এমপিও হবে অবকাঠামোসহ বিভিন্ন উপকরণের জন্য। এজন্য আলাদা আলাদা করে বরাদ্দ রাখা হবে। এ বরাদ্দটাও নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়।”

২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ২০১৫ সালে একসঙ্গে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এর ফলে দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮২০টি। এসব বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ২২৮ জন।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২০ হাজার ৪৪৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৩ জন।

মাধ্যমিক পর্যায়ে অধিকাংশ বিদ্যালয়ই বেসরকারি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০১৬ সালের মে মাসের তথ্য অনুযায়ী, দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৫টি।

আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ বক্তব্য রাখেন।