পণ্যের সঙ্গে বাজার বাড়াতে প্রধানমন্ত্রীর তাগিদ
নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের জন্য চাহিদা দেখে নতুন পণ্য উৎপাদন এবং নতুন বাজার সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধানের এ আহ্বান আসে।
তার লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তবাজার অর্থনীতিতে বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ও আধুনিক প্রযুক্তির আত্মীকরণ এবং পণ্যের মানোন্নয়ন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ঠাণ্ডা লেগে’ প্রধানমন্ত্রীর গলা বসে গেছে। এ কারণে অনুষ্ঠানের উপস্থাপিকা প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যের অংশবিশেষ পড়ে শোনান।
বাংলাদেশে কুটির শিল্পের সুদীর্ঘ গৌরবের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমাদের ঐতিহ্যবাহী জামদানি, নকশিকাঁথা এবং সিলেটের শীতল পাটি ইতোমধ্যে ইউনেস্কোর আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য-তালিকায় স্থান পেয়েছে। উদ্যোক্তাগণ এ সকল পণ্যের ব্র্যান্ডিং এর পাশাপাশি বাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে পারেন।”
সেখানে বলা হয়, দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে জেলায় এবং উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে। এ পরামর্শ কেন্দ্রগুলো এসএমই শিল্প প্রসারে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসাবে কাজ করবে।
এসএমইর বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মধ্যে দিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে, নারী উদ্যোক্তার সৃষ্টি হবে- সেটাই সরকারের প্রত্যাশা বলে জানান প্রধানমন্ত্রী।
অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এফবিসিসিআিইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিব উল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।
