২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি আমানতের অর্ধেক পাচ্ছে বেসরকারি ব্যাংক: অর্থমন্ত্রী

তারল্য সংকট মেটাতে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার সিদ্ধান্ত অতি দ্রুত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 03:11 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনের অর্থমন্ত্রী একথা জানান।

মুহিত বলেন, “সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে তাদের পয়সার ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখতে হত, সেটি আমরা বাড়ানোর চিন্তা করেছি।

“কালকে সিদ্ধান্ত দিয়েছি এবং সেটি অতিদ্রুত কার্যকর হচ্ছে যে বেসরকারি ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের এই বাধ্যবাধকতা ৫০ শতাংশ করা হবে।“

বর্তমান নিয়ম অনুযায়ী, সরকারি আমানতের ৭৫ শতাংশই রাখতে হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয়। বাকি ২৫ শতাংশ পায় বেসরকারি ব্যাংকগুলো। সরকারি আমানতের অর্ধেক বেসরকারি ব্যাংকে রাখতে দাবি জানিয়ে আসছিল  বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা।

খেলাপি ঋণের বোঝা আগের চেয়ে অনেক কমেছে দাবি করে অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণের বোঝা পুরনো দিনের তুলনায় তেমন বড় নয়।

“আমি যখন আসলাম তখন ছিল ৪০ শতাংশ খেলাপি ঋণ, সেখান থেকে এখন তা ১০ শতাংশে পৌঁছেছে, হয়ত এক ডিজিটে পৌঁছে যাবে।”

নির্বাচনের বছরে অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে আশাপ্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের বছর অর্থনীতি ভাল কাজ করে না। কিন্তু এখানে অর্থনীতির যে অবস্থা তা কোনোভাবেই অস্থিতিশীল হওয়ার উপায় নেই।

ব্যাংকিং খাতের জন্য স্বাস্থ্যকর না হলেও বাণিজ্যিক ব্যাংকগুলো ‘ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং’ করে যাচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “এর কারণ আমরা এতো দিনে একটা ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করতে পারিনি। চেষ্টা কম করিনি, কিন্তু সেভাবে সাফল্য অর্জন করতে পারিনি।

“ব্যাংকিং সেক্টরে বড় চ্যলেঞ্জ হবে কিভাবে ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করতে পারি। ঠিক করেছি মাস দুয়েকের মধ্যে এজন্য ছোট গ্রুপকে দায়িত্ব দেব কীভাবে তা সৃষ্টি করতে পারি।”

নির্বাচনের বছরে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমাদের ব্যাংকাররা একটি সিদ্ধান্ত দিয়েছেন এ মাসের মধ্যে ইন্টারেস্ট রেটকে এক ডিজিটে নামিয়ে আনবেন। এবছর এটি থাকা উচিত, আকস্মিকভাবে ডিপোজিট বিল বাড়িয়ে দেওয়া ঠিক নয়, অন্যায় কাজ হয়েছে।”

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা বলেন, “আধুনিক সময়োপযোগী প্রযুক্তিনির্ভর সেবা দিতে হবে। যত প্রযুক্তি আসবে, সে অনুযায়ী নতুন ধরনের সুযোগও আসবে। এজন্য নিজেদের সক্ষমতা দেখাতে হবে।”

বাংলাদেশ ব্যাংক গর্ভনর ফজলে কবির বলেন, “রিটেইল ব্যাংকিং এবং খেলাপি ‍ঋণ আদায়ে জোর দিতে হবে। নতুন ঋণ দেওয়ার আগে ঝুঁকিগুলো দেখতে হবে।নতুন চেয়ারমানের নেতৃত্বে ব্যাংক আরো এগিয়ে যাবে বলে আশা করি।”

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও জনতা ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ বক্তব্য দেন।