২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শেষ বছরে বিদেশি ঋণ ছাড়ে গতি

সরকারের শেষ বছরে এডিপি বাস্তবায়নের ওপর ভর করে বিদেশি অর্থ সহায়তা ছাড়ের পরিমাণ বেড়েছে।

জাফর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 11:08 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

চলতি ২০১৭-১৮ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে দাতা সংস্থা ও দেশগুলো থেকে ঋণ ও অনুদান মিলে ৩৪২ কোটি ৩৮ লাখ ডলার ছাড় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১৯৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ১৪৭ কোটি ১৭ লাখ ডলার বেশি ছাড় হয়েছে।

চলতি অর্থবছরে দাতাদের কাছ থেকে আসা এই অর্থ বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৭৩২ কোটি টাকা।

মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলমান উন্নয়ন প্রকল্পে এসব অর্থ ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তা ধরা হয়েছে ৫২ হাজার ৫০ কোটি টাকা।

 এ বিষয়ে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে বৈদেশিক সহায়তা খাত থেকে ছাড় হওয়ার বিষয়টি এডিপি বাস্তবায়নের সঙ্গে জড়িত। এবার বেশি এডিপি বাস্তবায়ন করতে পারছে বলে বৈদেশিক সহায়তার ছাড়ও বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক সহায়তা ছাড়ের এ প্রবণতা অব্যাহত থাকলে এবারও রেকর্ড বৈদেশিক সহায়তার অর্থ ছাড় হবে বলে আমরা আশা করছি।”

তিনি জানান, আট মাসে বৈদেশিক সহায়তার যে অর্থ ছাড় হয়েছে তার মধ্যে অনুদান হিসেবে পাওয়া গেছে ২০ কোটি ৩৮ লাখ ডলার। আর ঋণ হিসেবে এসেছে ৩২২ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ের বৈদেশিক সহায়তার ১৯৫ কোটি ২০ লাখ ডলারের মধ্যে অনুদান ছিল ২২ কোটি ৪২ লাখ ডলার। আর ঋণ হিসেবে পাওয়া যায় ১৭২ কোটি ৭৮ লাখ ডলার।

অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন বলেন, দাতাদের কাছ থেকে ঋণের প্রতিশ্রুতির ক্ষেত্রেও এবার বেশ তেজিভাব দেখা যাচ্ছে। প্রথম আট মাসে ৭৯১ কোটি ৭৭ লাখ ডলারের প্রতিশ্রুতি মিলেছে। এর মধ্যে ঋণ হিসেবে ৭৬৮ কোটি, আর অনুদান হিসেবে ২৩ কোটি ৬৮ লাখ ডলার।

গত অর্থবছরের এই সময়ের মধ্যে ১ হাজার ৪৯৫ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায় হয়েছিল।

ইআরডির কর্মকর্তা ফরিদা জানান, গত অর্থবছরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সঙ্গে এককভাবে ১ হাজার ১৩৮ কোটি ডলারের চুক্তি হয়। সে কারণেই গত বছরের প্রতিশ্রুতি বেশি ছিল। ওই প্রকল্প বাদ দিলে সার্বিক প্রতিশ্রুতি অন্য যে কোনও সময়ের তুলনায় অনেক বেশি।

এদিকে চলতি অর্থবছরের প্রথম আট মাসে দাতাদের পুঞ্জীভূত পাওনা থেকে পরিশোধ করা হয়েছে ৮৬ কোটি ৬৮ লাখ ডলার। এর মধ্যে আসল হিসেবে পরিশোধ করা হয়েছে ৬৮ কোটি ১৮ লাখ ডলার। আর সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ডলার।