মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বসছে ৪০০ কেভি সঞ্চালন লাইন
নির্মাণাধীন মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন সঞ্চালন লাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)।
পিজিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসআরএম ২৩০/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন থেকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন গ্রিড সাবস্টেশনে ১৭ কিলোমিটার দীর্ঘ এ সঞ্চালন লাইন স্থাপন করা হচ্ছে।
লাইনটি নির্মাণের জন্য বুধবার পিজিসিবি প্রধান কার্যালয়ে ভারতীয় প্রকৌশল প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশনের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।
পিজিসিবির সচিব মো. আশরাফ হোসেন ও কল্পতরুর ব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) অরিত্র বোস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী আগামী ১৫ মাসের মধ্যে টার্ন-কি পদ্ধতিতে সঞ্চালন লাইনটি নির্মাণ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে কল্পতরু। এ কাজে ব্যয় হবে প্রায় ৮২ কোটি ২১ লাখ টাকা। পিজিসিবি ও সরকার এই ব্যয় বহন করবে।
পিজিসিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক নির্মিতব্য মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন ধরনের দেশীয় ও রপ্তানিমুখী কলকারখানা নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন ও উৎপাদন বজায় রাখার স্বার্থে এসব কলকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন। শিগগিরই ব্যাপক আকারে বিদ্যুতের চাহিদা তৈরি হবে।
বেজা ইতোমধ্যে পিজিসিবির গ্রিড সাবস্টেশন নির্মাণের জন্য ৫০ একর জমি বরাদ্দ করেছে।
চুক্তি স্বাক্ষর পর্বে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক চৌধুরী আলমগীর হোসেন, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ শফিকউল্লাহ, মো. শাফায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
