ডব্লিউইএফের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে অগ্রগতি হয়েছে বাংলাদেশের; এতে প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ উপরে রয়েছে বাংলাদেশের অবস্থান।
সুইজারল্যান্ডের ডাভোসে মঙ্গলবার ফোরামের বার্ষিক সম্মেলন শুরুর আগের দিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স শিরোনামে এই সূচক প্রকাশ করে সংস্থাটি। রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সম্মিলন ঘটে ডব্লিউইএফের এই বার্ষিক সম্মেলনে।
উদীয়মান অর্থনীতির ১০৩টি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচক (আইডিআই) তৈরি করেছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম। সূচক নির্ধারণে মূলত তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে- সাধারণ মানুষ উন্নয়নের সুফল কতটা পাচ্ছে বা সামগ্রিক উন্নয়নের আওতায় কত মানুষ এসেছে, বেকার বা পরিবারের ওপর নির্ভরশীলতা এবং ব্যক্তির সঞ্চয় ও ঋণ।
তালিকায় বাংলাদেশ আগের বছরের থেকে দুই ধাপ এগিয়ে ৩৪তম অবস্থানে এসেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে শ্রীলঙ্কা ৪০, পাকিস্তান ৪৭ ও ভারত রয়েছে ৬২তম অবস্থানে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে আছে শুধু নেপাল, ২২তম অবস্থানে।
তালিকায় সবার উপরে আছে নরওয়ে। তাদের আইডিআই স্কোর ৭ এর মধ্যে ৬.০৮। বাংলাদেশের স্কোর হয়েছে ৩.৯৮; গত পাঁচ বছরে (২১০২-১৬) বাংলাদেশের অগ্রগতির হার ৪.৫৫ শতাংশ।
বাংলাদেশের এ অগ্রগতিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছিল, লিঙ্গ সমতার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় শীর্ষে। এবার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে অবস্থান এসেছে ৩৪তম। এটা খুবই ভালো খবর।”
বাংলাদেশে চারটি খাতের উন্নয়নে সূচক উঠছে বলে মনে করেন তিনি।
ফরাসউদ্দিন বলেন, “প্রথমত বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী- বিভিন্ন ভাতার মাধ্যমে মানুষ সুফল পাচ্ছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের মতো সেবা কেন্দ্রগুলো থেকে তৃণমূল পর্যায়ে মানুষ সেবা পাচ্ছে। দ্বিতীয়ত ক্ষুদ্রঋণ- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া ক্ষুদ্রঋণ থেকে সুফল পাচ্ছে মানুষ।
মোহাম্মদ ফরাসউদ্দিন
সূচকে বাংলাদেশের এই অগ্রগতিতে ‘আত্মপ্রসাদে ভোগার’ সুযোগ নেই বলে মন্তব্য করেন মোহাম্মদ ফরাসউদ্দিন।
তিনি বলেন, “কস্ট অব ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান অনেক নীচে। এটার উন্নতি করতে হবে।
“এছাড়া বাংলাদেশের ২৮ শতাংশ সম্পদ রয়েছে ৫ শতাংশ মানুষের কাছে, যদিও বিশ্বের গড় হিসেবে এটা কম।”
এসব বিষয়ের মধ্যেও বাংলাদেশে ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সম্পদ ও সেবায় জনগণের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
