২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর মেলার পঞ্চম দিনে আদায় ২৭২ কোটি

আয়কর মেলার পঞ্চম দিন রোববার ২৭২ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪৮ হাজারের বেশি করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৮০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:13 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার পঞ্চম দিন রাজধানী ঢাকাসহ দেশের ৫৩টি জেলা, ৩৫টি উপজেলায় ৯৯টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে করদাতা, সেবাগ্রহীতাদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর ছিল। ঢাকায় মেলা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে।

প্রতিদিনের মতো রোববারও মেলায় করদাতাদের বাড়তি আকর্ষণ যোগ করে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’। মেলায় কয়েকটি লাইনে দাঁড়িয়ে করদাতারা এ কার্ড সংগ্রহ করেন। মেলার বাকি ২ দিনও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সারা দেশে ১ লাখ ৮০ হাজার ১০১ জন সেবা গ্রহণ করেছেন। রিটার্ন জমা দিয়েছেন ৪৮ লাখ ৬৪ জন। মোট কর আদায় হয়েছে ২৭১ কোটি ৮৭ লক্ষ ১২ হাজার ৬৯২ টাকা।

গত বছর পঞ্চম দিনে ২৬০ কোটি টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ৩০ হাজার ২১৮ জন। সেবা নিয়েছিলেন এক লাখ ৫৫ হাজার ৫৪০ জন।

৫ দিনে ১৪৭৩ কোটি টাকার কর আদায়

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ দিনে মেলায় মোট এক হাজার ৪৭৩ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৩২ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন দুই লাখ ১১ হাজার ৭৫৩ জন করদাতা। সেবা নিয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৬৩ জন।

গত বছর প্রথম পাঁচ দিনে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন দাখিল করেছিলেন এক লাখ ২১ হাজার ১৩১ জন। সেবা নিয়েছিলেন ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।