বাজেটে প্রতিবন্ধীদের জন্য নতুন যা
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রস্তাবিত বাজেটে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের উত্থাপিত বাজেটে ৪ লাখ ২৬৬ কোটি টাকার ব্যয়ের ফর্দ প্রকাশ করেন মন্ত্রী।
বাজেট বক্তৃতায় প্রতিবন্ধীদের কল্যাণে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের নানামুখী কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রমের বিপরীতে ২০১৭-১৮ অর্থবছরে মোট ১ হাজার ১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা, চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি।”
বক্তৃতায় প্রতিবন্ধীদের জন্য গৃহীত বেশকিছু উদ্যোগ তুলে ধরেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “নতুন করে প্রতিটি বিভাগীয় শহরে প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি করে ‘রিসোর্স কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং সম্ভব সকল ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।”
প্রতিবন্ধীদের জন্য ইতোমধ্যে তৈরি হওয়া তথ্য ভাণ্ডার ব্যবহার করে সব প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয়পত্র প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি, বিদ্যমান উন্নয়ন কার্যক্রম পুনর্বিন্যাস এবং নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব।
“এছাড়া সাভারে ১২ একর খাস জমির উপর আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।”
ডিজিটাল পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জানিয়ে এক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৫ হাজার করে মোট ১০ হাজার বাড়ানোর প্রস্তাব করেন মুহিত।
বাজেট বক্তৃতার শুরুর দিকে অর্থমন্ত্রী গত এক বছরে প্রতিবন্ধীদের জন্য বাস্তবায়ন করা বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এসময় অটিজম চিকিৎসা ও সেবায় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘একসেলেন্স অ্যাওয়ার্ড’ পেয়ে ‘আমাদের মুখ উজ্জ্বল করেছেন’ বলে মন্তব্য করেন মুহিত।
ইতোমধ্যে দেশের ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় সর্বমোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এসব কেন্দ্রের মাধ্যমে অটিজমের শিকার শিশু/ব্যক্তি এবং অন্যান্য ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে নিয়মিত বিভিন্ন সেবা ও উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।”
“প্রত্যন্ত অঞ্চলের অটিজমসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ৩২টি ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে।”
