২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিএসের দক্ষতা বাড়াতে কাজ করতে চায় সুইডেন

আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দক্ষতা বাড়াতে সুইডেন একটি কারিগরি প্রকল্প বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 06:31 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

বুধবার ঢাকায় সুইডেনের রাষ্ট্রদুত জোহান ফ্রিজেল তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

বৈঠকের পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “যে কোনো জাতির উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা দরকার। আর সঠিক তথ্য উপাত্ত ছাড়া কোনো পরিকল্পনা করা যায় না। উপাত্তে যদি ভুল থাকে তাহলে পরিকল্পনায়ও ভুল হবে। তাই নির্ভুল তথ্য পাওয়ার জন্যই সুইডেনের কাছ থেকে সহযোগিতা নিতে আগ্রহী আমরা।”   

পরিকল্পনামন্ত্রী বলেন, “সুইডেন আমাদের তুলনায় এ বিষয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমরা যদি সুইডেন থেকে সে সাহায্য পাই তাহলে বিবিএসের যেসব জায়গায় ঘাটতি আছে সেগুলো আমরা পূরণ করতে পারব।  

“এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হবে বলে আমি মনে করি।”

তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, “শিগগির এটি শুরু করা হবে। এ জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন তা তৈরি করা হবে।”

এ কাজের ব্যয় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “অর্থায়নের বিষয়টি এখনো ঠিক হয় নি। তবে বড় প্রকল্প হবে।”

এসময় সুইডিশ রাষ্ট্রদুত জোহান ফ্রিজেল সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ যেকোনো বিষয়ে পদক্ষেপ গ্রহণে সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা প্রমাণিত যে, কোনো তথ্য ছাড়া সঠিক পরিস্থিতি নির্ণয় করা যায় না।

“তাই আমরা অনুধাবন করেছি যে, সুইডেনের পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোকে সহযোগিতা করতে পারে। মুলত এজন্যই আমরা কথা বলেছি।”

তিনি বলেন, “এটি হবে মূলত একটি কারিগরি সহায়তা প্রকল্প। কয়েকটি অংশে ভাগ করে তিন থেকে চার বছরে এটি বাস্তবায়ন করা হবে।”

এটি একটি অনুদান প্রকল্প হবে বলেও জানান রাষ্ট্রদুত।