২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানে কলমানির ভিত্তি হবে তারল‌্য

আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানি মার্কেট থেকে ঋণ নেওয়ার সীমা নির্ধারণের ক্ষেত্রে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিট সম্পদের বদলে ইকুইটিকে (তারল্য) ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 07:59 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

বাংলাদেশ ব্যাংক রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, এতোদিন আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের নিট সম্পদের সর্বোচ্চ ১৫ শতাংশের সমপরিমাণ অর্থ ঋণ নিতে পারত।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঋণের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে নিট সম্পদের পরিবর্তে ভিত্তি ধরা হবে ইকুইটি। আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ইকুইটির সর্বোচ্চ ৩০ শতাংশের সমপরিমাণ অর্থ ঋণ নিতে পারবে।

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান স্বল্প সময়ের জন্য অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ ধার করলে তাকে বলা হয় কল মানি।

এই ঋণের সুদহারকে বলা হয় কলমানি রেট। বাজারে নগদ টাকার চাহিদার ওপর ভিত্তি করে এই সুদহার পরিবর্তিত হয়।

আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলমানির ঋণে ভিত্তি বদলের কারণ জানতে চাইলে বাংলাদেশ ব‌্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. শাহ আলম বলেন, “সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট এবং বড় অংকের ঋণের ক্ষেত্রে সব সময় ইকুইটিই ভিত্তি ধরা হয়। আন্তর্জাতিক স্ট‌্যান্ডার্ড অনুযায়ী কলমানির ক্ষেত্রেও একই ভিত্তি ব‌্যবহার করা হয়। কিন্তু আমাদের এখানে এতোদিন কলমানির ক্ষেত্রে নিট সম্পদকে ভিত্তি ধরা হত।”

তিনি বলেন, “একটি ব‌্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মূল ভিত্তি হচ্ছে ইকুইটি বা তারল‌্য। আর্থিক প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে আলোচনা করেই কলমানির ভিত্তি বদলের এই সিদ্ধান্ত হয়েছে।” 

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইকুইটির তথ্য এর পরের মাস অর্থাৎ জানুয়ারির ২৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দাখিল করতে হবে।

৩১ ডিসেম্বরের ইকুইটির তথ্যের ভিত্তিতে পরবর্তী ১২ মাস আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ঋণ নিতে পারবে ওই আর্থিক প্রতিষ্ঠান।