দুর্নীত্পিরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
দুর্নীতিপরায়ণ কর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
সোমবার কর আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যারা করদাতাদের অযথা হয়রানি করে, দুর্নীতিপরায়ণ, বার বার সতর্ক করার পরও সংশোধন হয়নি; তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ইতোমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান নজিবুর রহমান।
রাজস্ব্ বাড়াতে কর আদায়ের উপর সরকার যেমন জোর দিচ্ছে; তেমনি কর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগও রয়েছে কর কর্মকর্তাদের।
নজিবুর বলেন, “কথা একটাই, দেশের উন্নয়নের স্বার্থে এখন নিজেদের বদলাতে হবে। সরকারি অফিস কামাই দিয়ে আর নিজস্ব অফিস বা পরগাছা চালানো যাবে না। সরকারের কর্মচারী হিসেবে করদাতাদের সর্বোচ্চ কর সেবা দিতে হবে।”
দূর্নীতি দমন কমিশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এনবিআরে দুর্নীতি নির্মূলের আশা প্রকাশ করেন তিনি।
“এখন থেকে আমরা দুর্নীতি প্রতিরোধ করব, আবার দুর্নীতি নিরাময়ে প্রতিষেধকও দেওয়া হবে।”
দুর্নীতিবাজদের বিষয়ে তথ্য দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “আপনাদের কাছে কারও দুর্নীতির খবর জানা থাকলে সঙ্গে সঙ্গে এনবিআর বা দুদককে জানাবেন।
“কতিপয় আইনজীবী করদাতাদের ভয় দেখিয়ে এনবিআর থেকে দূরে রাখেন। ওই সব আইনজীবী করবান্ধব পরিবেশকে নষ্ট করছেন।”
কর আইনজীবীরা করদাতা এবং এনবিআরের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন নজিবুর।
করদাতারা যেন মামলা-মোকদ্দমায় না গিয়ে এডিআরের মাধ্যমে আয়কর সংক্রান্ত সমস্যার সমাধান করেন, সেদিকে নজর দিতে কর আইনজীবীদের পরমর্শ দেন তিনি।
আইনজীবী এবং এনবিআরের সমন্বয়ে একটি স্থায়ী পরামর্শমূলক কমিটি গঠন করবেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। তার আশা, এই কমিটি করদাতার সংখ্যা বাড়ানো, আয়কর বিবরণী দাখিলের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। কাজ করবে আয়কর সংক্রান্ত মামলার জট কমাতেও।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই মতবিনিময় সভায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) প্রতিনিধি এবং শীর্ষ কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা চাই আগামী ১০০ বা ২০০ বছর পর্যন্ত কর বুনিয়াদ তৈরি করতে চাই। আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। আপনারা এমন কোনো পরিবেশ তৈরি করবেন না, যাতে করদাতারা এনবিআরে আসতে ভয় পায়।
“কারণ আমরা চাই, আইনজীবীরা সত্যিকার অর্থে এনবিআর ও করদাতাদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করবে। আশা করি কেউ বাধা তৈরি করবেন না।”
সভায় ব্যাংক হিসাব খোলা, নতুন গাড়ি, জমি কেনা-বেচার রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্সসহ বেশ কয়েকটি ক্ষেত্রে ই-টিআইএন জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ করেন ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা।
সভায় এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক, পারভেজ ইকবাল, মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
