রেমিটেন্সে পতন হুন্ডির কারণে: অর্থমন্ত্রী
প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ কমে যাওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও দায়ী করেছেন হুন্ডিকে।
তবে ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিটেন্সে আবার গতির আশা করছেন তিনি।
গত কয়েক বছর ধরে রেমিটেন্সে ঊর্ধ্বগতি থাকলেও চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিটেন্স আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ কমে ৪২৫ কোটি ৫৭ লাখ ডলারে দাঁড়ায়।
বাংলাদেশের জাতীয় আয়ের ১৩ শতাংশ জোগান দেওয়া রেমিটেন্সের এই অধঃগতিতে অর্থনীতিতেও তার বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
অর্থনীতির বিশ্লেষক জায়েদ বখত ‘হুন্ডিকে’ রেমিটেন্স কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন।
সোমবার সচিবালয়ে সম্পদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রীও বলেন, “হ্যাঁ, রেমিটেন্স কমছে…।
“তবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলেছে, প্রবাসী আয় বাড়ানোর বিষয়ে তারা কিছু পদক্ষেপ নিচ্ছে। আমিও মনে করি রেমিটেন্স বাড়বে। ডলারের মূল্যমান প্রায় ৮০ টাকা হয়ে গেছে তো…। এখন সমস্যা মিটে যাবে।”
ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান কমে যাওয়ায় প্রবাসীরা একটু বেশি অর্থের জন্য ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছেন বলে জায়েদ বখতের ধারণা।
এই গবেষক উদাহরণ দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আগে সিঙ্গাপুর থেকে ১ ডলার পাঠালে যে টাকা পাওয়া যেত, এখন ওই দেশে মুদ্রার অবমূল্যায়নের ফলে কম টাকা পাওয়া যাচ্ছে। সে কারণেই একটু বেশি টাকার প্রত্যাশায় অনেক প্রবাসী এখন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছেন।”
হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে বরাবরই দর ব্যাংকের চেয়ে বেশি পাওয়া যায়।
সম্প্রতি প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে দেখা যায়, বিদেশে কর্মরত ৮৬ লাখ বাংলাদেশির পাঠানো অর্থের ৭৮ শতাংশ আসে ব্যাংকের মাধ্যমে। হুন্ডির মাধ্যমে আসে ১২ শতাংশ।
অবৈধ হুন্ডির পাঠানোর প্রবণতা এখন বেড়ে গেছে বলে মনে করেন জায়েদ বখত।
তবে ডলারের দর বাড়তে থাকায় চিত্র পাল্টানোর আশায় অর্থমন্ত্রী মুহিত।
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে সোমবার প্রতি ডলার ৭৮ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। গত জুলাই মাস শেষে এর দর ছিল ৭৮ টাকা ৪০ পয়সা।
২০১৫ সালের জুলাই মাসে প্রতি ডলার ৭৭ টাকা ৮০ পয়সায় বিক্রি করেছে ব্যাংকগুলো।
তবে খোলা বাজারে (কার্ব মার্কেট) প্রতি ডলার ৮২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আগামী বাজেট ৪ লাখ কোটি টাকা
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।
“এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের পুনর্মূল্যায়নের সময় আগামী অর্থবছরের বাজেটের আকার ঠিক করা হবে।”
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্পদ কমিটির বৈঠকে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) বাজেটের আয়-ব্যয়, আগামী বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের পর্যালোচনা করা হয়।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিব, এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানও ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের প্রস্তাব দেওয়া হয়।
“আগামী অর্থবছরে বাজেটের আকার নির্ধারণ নিয়ে এটিই ছিল প্রথম বৈঠক। তাছাড়া এ বৈঠকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের আয়-ব্যয় পর্যালোচনা হয়েছে। এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি যথেষ্ট ভাল। ব্যয়ও গত বছরের একই সময়ের তুলনায় বেশ ভালো।”
আরও কয়েকটি বৈঠকের পর আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরবর্তী বাজেটের আকার চূড়ান্ত করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি।
পদ্মা সেতুর বাস্তবায়ন ৪৯%
চলমান বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি খুবই ‘ভালো’ বলে জানান মুহিত।
তিনি বলেন, “এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে।”
বিদ্যুতের দাম নির্ধারণের বিষয়ে একটা নীতি-সিদ্ধান্ত নেওয়া হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, “বিদ্যুৎ ও কৃষিতে যেভাবে প্রণোদনা দেওয়া হয়, ঠিক সে রকম সাধারণ মানুষের জন্য প্রণোদনা দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। এখনও প্রণোদনা দেওয়া হচ্ছে…। তবে আরও নতুন করে একটু-আধটু সমন্বয়ের কথা ভাবা হচ্ছে।”
